সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া আয়মানের তীব্র নিন্দা ও ক্ষোভ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটের ঘটনার পর এবার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে সম্প্রতি ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে সাদিয়া আয়মান লিখেছেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিতে যা ঘটেছে, তা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক এবং মেনে নেওয়ার মতো নয়! সালমানের মতো একজন মানুষ এমন আচরণের মোটেও প্রাপ্য নন।’
দেশজুড়ে ঘটে চলা এ ধরনের নৈরাজ্যের সমালোচনা করে তিনি আরও লিখেছেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না! কী লজ্জাজনক! কী দুঃখজনক!’
এর আগে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে গতকাল মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা স্টুডিওর মূল্যবান যন্ত্রপাতি এবং ক্লায়েন্টদের শুটিংয়ের বিভিন্ন ফুটেজ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন এই কনটেন্ট ক্রিয়েটর। ওই ঘটনার পর থেকেই সংস্কৃতি অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।

বিনোদন ডেস্ক