নাম-গল্প পরিবর্তনের পরও সেন্সরে মিলছে না সালমানের সিনেমার
নাম বদল, গল্পে পরিবর্তন, নতুন করে শুটিং—সব চেষ্টা করেও সেন্সর বোর্ডের ছাড়পত্র মিলছে না সালমান খানের বহুল আলোচিত ‘মাতৃভূমি’র। ফলে স্বাধীনতা দিবস উপলক্ষে আগস্টে সিনেমাটি মুক্তির পরিকল্পনাও ভেস্তে যেতে পারে।
২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মাতৃভূমি’। শুরুতে ঈদ উপলক্ষে গত ১৭ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা থাকলেও সেন্সর ছাড়পত্র না পাওয়ায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। পরে আগস্টে মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হলেও, এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্সর বোর্ডের অনুমোদন না মেলায় সেই সময়েও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম।
প্রথমে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। গত বছরের ডিসেম্বরে টিজার প্রকাশের পরই এটি বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে চীনের সামাজিক মাধ্যমে অনেকেই সিনেমাটির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন। পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়। নতুন করে ধারণ করা হয় প্রায় ৪০ শতাংশ দৃশ্য। আন্তর্জাতিক ভূরাজনৈতিক সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় রেখে বদলে ফেলা হয় সিনেমার নামও। কিন্তু এত পরিবর্তনের পরও এখনো সেন্সর বোর্ডের অনুমোদন মেলেনি।
সালমান খান ফিল্মসের ব্যানারে নির্মিত এই বড় বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। এতে গালওয়ান সংঘর্ষে নেতৃত্ব দেওয়া ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তাঁর বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। ইতোমধ্যে সিনেমাটির টিজার ও তিনটি গান প্রকাশ পেয়েছে।
‘মাতৃভূমি’র মুক্তি অনিশ্চিত হলেও নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। দক্ষিণি নির্মাতা ভামশি পেডপাল্লির নতুন সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন তিনি। এতে প্রথমবার তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা। এ ছাড়া পরিচালক জুটি রাজ-ডিকের সুপারহিরো ঘরানার নতুন সিনেমাতেও অভিনয় করছেন বলিউডের এই তারকা।

বিনোদন ডেস্ক