ফারুক আহমেদের ফেসবুক পেজ বন্ধ, যাদের দুষলেন অভিনেতা
সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করে আলোচনায় এসেছেন অভিনেতা ফারুক আহমেদ। নিজের ফেসবুক পেজ হারানোর ঘটনাকে ঘিরে এক অস্বস্তিকর সত্য তুলে ধরেছেন তিনি। বিশ্বাসের জায়গা থেকেই কখনো কখনো আসে সবচেয়ে বড় আঘাত।
সম্প্রতি তাঁর দেওয়া এক ফেসবুক পোস্টে এই অভিনেতা দাবি করেছেন, তাঁর আগের ফেসবুক পেজ বন্ধ হওয়ার পেছনে ছিল তাঁরই পরিচিত কেউ। ফারুক আহমেদের ভাষায়, ‘আমার কাছের মানুষই শত্রু, তারাই অভিযোগ দিয়ে আমার ফেসবুক পেজ বন্ধ করেছে।’
নিজের ফেসবুক এখন আড়াই লাখ অনুসারী হয়েছে উল্লেখ করে ফারুক আহমেদ লিখেছেন, ‘বছর দেড়েক আগে আমার ফেইসবুক প্রোফাইল ও পেজ আমার পরিচিত একজন মেটাতে অভিযোগ করে বন্ধ করে দেয়। যে বা যারা এই কাজটি করেছে তারা আমার পরিচিতজন। কী কারণে অভিযোগ করেছে তা-ও আমি জানি। আমি তাদের কিছুই বলিনি এবং বুঝতেও দেইনি যে পুরো ব্যাপারটা কে বা কারা করেছে? কেন করেছে তা-ও আমি জানি।’
এরপর লেখেন, ‘কয়েক মাস আগে আমি এই নতুন ফেসবুক প্রোফাইল খুলেছি। আমার বিশ্বাস ছিলো দেশের মানুষ আমাকে ভালোবাসে। মাত্র কয়েক মাসের মধ্যে আমার এই নতুন প্রোফাইলে আজ সকাল পর্যন্ত দুই লক্ষ ৫০ হাজার ফলোয়ার যুক্ত হয়েছেন।’
সবশেষ অভিনেতা লেখেন, ‘যারা আমাকে ভালোবাসেন অথচ এখনও আমার ফলোয়ার হন নাই তাদের কাছে অনুরোধ আমার ফলোয়ার হন। যে বা যারা আমার আগের ফেইসবুক প্রোফাইলটি বন্ধ করার কাজটি করেছিলেন তাদেরকেও ধন্যবাদ।’

বিনোদন ডেস্ক