অনেকের অডিশন নিয়েছি, ‘জিমি রায়’ চরিত্রে আরিফিন শুভর বিকল্প পাইনি: সৌমিক সেন
বলিউডের ওটিটি প্ল্যাটফর্মে অভিষেকের পর থেকেই আলোচনায় রয়েছে ঢাকার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তার অভিনীত ‘জ্যাজ সিটি’ নিয়ে প্রশ্ন উঠেছে—ভারতীয় অভিনেতার বদলে কেন বাংলাদেশি অভিনেতাকে বেছে নেওয়া হলো?
এ প্রসঙ্গে সিরিজটির নির্মাতা সৌমিক সেন স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তার ভাষায়, দীর্ঘ অডিশন প্রক্রিয়ার পরও ‘জিমি রায়’ চরিত্রের জন্য আরিফিন শুভ ছাড়া আর কোনো বিকল্প তিনি খুঁজে পাননি। সৌমিক সেন, যিনি আলোচিত সিরিজ ‘জুবিলি’র সহ-স্রষ্টা হিসেবে পরিচিত, এর আগে ইমরান হাশমিকে নিয়ে ‘গুলাব গ্যাং’ নির্মাণ করে দর্শকের নজর কাড়েন।
ভারতীয় শিল্পী থাকা সত্ত্বেও কেন একজন বাংলাদেশি অভিনেতাকে প্রধান চরিত্রে নেওয়া হলো? ইন্ডিয়া টুডের এমন প্রশ্নে সৌমিক সেন বলেন, ‘কেন নয়? আরিফিন এমন একজন অভিনেতা, যিনি তারকা হয়েছেন অভিনয়ের মাধ্যমে—উল্টোটা নয়। আমি অনেকের অডিশন নিয়েছি, তারা সবাই খুব ভালো অভিনেতা। কিন্তু জিমি রায় চরিত্রের জন্য আমার কাছে (আরিফিন শুভ ছাড়া) দ্বিতীয় কোনো বিকল্প ছিল না।’
গত ১৯ মার্চ ‘জ্যাজ সিটি’ মুক্তির পর থেকেই সনি লিভে এ ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে। ১০ পর্বের প্রায় ৮ ঘণ্টার এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র জিমি রায়, যেখানে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিরিজে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—চারটি ভাষায় অভিনয় করেছেন। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এটি প্রথমবারের মতো বাংলা ভাষায় কোনো সিরিজ প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি।
সৌমিক সেন পরিচালিত এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র। এছাড়া অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহা।

বিনোদন ডেস্ক