রাহুলের মৃত্যুতে ১ কোটি ক্ষতিপূরণ, প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাকলিস্টে’র দাবি
তালসারির সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কীভাবে পনিতে ডুবে গেলেন তিনি? তা নিয়ে শুটিং ফ্লোরের নিরাপত্তার অভাব, অব্যবস্থা, গাফিলতির নানা কথা উঠে আসছে বারবার। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও এই একই অভিযোগ তোলে। সেই প্রেক্ষিতেই প্রযোজনা সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার দাবিতে সোচ্চার হয় এই সংগঠন।
অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে ‘খুনে’র অভিযোগে এফআইআর দায়ের করেছে। পাশাপাশি রাহুলের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেই দাবিও করা হয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তাদের দাবি, এই ক্ষতিপূরণ প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের কাছ থেকেই আদায় করতে হবে।
গতকাল সোমবার অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তোলার পাশাপাশি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। সংগঠনের দাবি, ‘এটা নিছক দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত ব্যর্থতা। প্রযোজনা সংস্থার গাফিলতিতেই মৃত্যু হয়েছে অভিনেতার। সংগঠনের তরফে একাধিকবার সতর্ক করা হয়েছে যে, প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ খরচ কমানোর জন্য প্রায়শই শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপস করে থাকে।
ফলত, কর্মী ও শিল্পীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে। প্রায় প্রতিবছরই ভারতের বিভিন্ন প্রান্তের সিনেজগতের এহেন দুর্ঘটনা ঘটে। যেখানে অনিরাপদ কাজের পরিবেশের কারণে টেকনিশিয়ান, সাধারণ কর্মী এবং শিল্পীদের প্রাণহানি ঘটে। তবে দুর্ভাগ্যবশত, এই ধরনের ঘটনাগুলো প্রায়শই ধামাচাপা দেওয়া হয় এবং দোষীদের শাস্তির উদাহরণও অত্যন্ত বিরল। সেই প্রেক্ষিতেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।’

বিনোদন ডেস্ক