‘চুপিচুপি’ দিয়ে স্বপ্নযাত্রা শুরু করল আর্টবক্স মিউজিক
বাংলা সংগীতাঙ্গনে নীরব কিন্তু দৃঢ় পদচারণায় যাত্রা শুরু করল নতুন প্রযোজনা প্রতিষ্ঠান আর্টবক্স মিউজিক। আত্মপ্রকাশের প্রথম আয়োজনেই তারা উপহার দিল একটি রোমান্টিক মিউজিক ভিডিও, ‘চুপিচুপি’। নামের মতোই নীরবে শুরু হলেও স্বপ্ন কিন্তু অনেক বড়।
এই প্রতিষ্ঠানের কর্ণধার সম্পা দেওয়ান—পেশায় একজন চিকিৎসক, কিন্তু হৃদয়ে একজন নিবেদিত কণ্ঠশিল্পী। দীর্ঘদিনের সংগীতচর্চা, সৃজনশীলতা আর নিজের শিল্পীসত্তাকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার প্রত্যয় থেকেই জন্ম নিয়েছে আর্টবক্স মিউজিক। সম্পা দেওয়ানের কণ্ঠে ইতোমধ্যে প্রায় ৫০টি গানের মিউজিক ভিডিও নির্মাণ শেষ হয়েছে, যা পর্যায়ক্রমে প্রকাশের পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজনা ‘চুপিচুপি’ গানটির গীতিকার ও সুরকার রোহান রাজ। সংগীত পরিচালনায় ছিলেন পলাশ ফারুকী এবং ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন সৌরভ ও রেশমি। পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস কে সমীর, যিনি আর্টবক্স মিউজিকের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সম্পা দেওয়ান বলেন, ‘আর্টবক্স মিউজিক শুধু একটি প্রযোজনা প্রতিষ্ঠান নয়; এটি আমাদের স্বপ্নের বাস্তব রূপ। আমি চাই মানসম্মত অডিও-ভিডিও নির্মাণের মাধ্যমে বাংলা গানের ভুবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে।’
অন্যদিকে, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস কে সমীর জানান, তরুণ ও উদীয়মান শিল্পীদের জন্য একটি পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য। শুধু গান নয়, ভবিষ্যতে নাটক ও ড্রামা নির্মাণেও হাত বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। খুব শিগগিরই তাদের ড্রামা চ্যানেলও আত্মপ্রকাশ করবে।
নির্মাতাদের প্রত্যাশা, ‘চুপিচুপি’ গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে। আর এই নীরব সূচনা একদিন হয়ে উঠবে বাংলা বিনোদন জগতের এক উজ্জ্বল অধ্যায়।

ফিচার ডেস্ক