‘বাহুবলি ২’-এর মুক্তির তারিখ চূড়ান্ত
ভারতের সিনেমা ইতিহাসে ‘বাহুবলি’ যেমন ব্যয়বহুল, তেমনি সফলতম এক ছবির নাম। দারুণ সাড়া ফেলে দেওয়ার পর এই ছবি নিয়ে দর্শকের অবস্থান আরেক জায়গা থেকে একটু কষ্টকর। কারণ, প্রথম ছবিতে তো কাহিনী শেষ হয়নি। কাহিনীর বাকিটুকু জানতে হবে ‘বাহুবলি ২’ থেকে। বহুদিন থেকেই দর্শকের অপেক্ষা, কবে আসছে ‘বাহুবলি ২’?
বেশ কিছু সময় গুঞ্জন আর অনুমান চলেছে ‘বাহুবলি ২’ নিয়ে। অবশেষে সবকিছু সমাপ্ত। ‘বাহুবলি ২’-এর চূড়ান্ত মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হয়েছে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আগামী বছরের, অর্থাৎ ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পাবে ‘বাহুবলি ২’।
ধর্ম প্রোডাকশনসের পক্ষ থেকে এবারেও ছবিটি উপস্থাপনার দায়িত্বে থাকছেন করণ জোহর। তিনি টুইটারে নিশ্চিত করেছেন বিষয়টি এরই মধ্যে। পরিচালক এস এস রাজামৌলিও টুইটার থেকে ঘোষণা করেছেন মুক্তির তারিখ এবং ধর্ম প্রোডাকশনসের সম্পৃক্ততার বিষয়ে।
‘বাহুবলি : দ্য কনক্লুশন’ বা ‘বাহুবলি ২’ ছবিটির তামিল নাড়ু অঞ্চলের থিয়েট্রিক্যাল রাইট এরই মধ্যে ৪৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। তবে কে বা কারা এই চড়া দামে স্বত্ব কিনেছেন, তা এখনো নির্মাতাপক্ষের তরফ থেকে প্রকাশ করা হয়নি।
এবারের ছবিতেও দেখা যাবে প্রভাস, রানা দগ্গুবাতি, রামাইয়া কৃষ্ণন, তামান্না ভাটিয়া এবং আনুশকা শেঠিকে। অসমাপ্ত কাহিনী এবং প্রশ্নের জবাব, সবই মিলবে এবারের ছবিতে।

ফিচার ডেস্ক