পাকা অভিনয় করেছেন তাহসান : শিহাব শাহীন
শিহাব শাহীন রোমান্টিক গল্পের নাটক নির্মাণ করে পেয়েছেন পরিচিতি ও জনপ্রিয়তা। ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্র নির্মাণ করেও পেয়েছেন দর্শকদের ভালোবাসা। এবার ঈদে তাঁর পরিচালনায় বেশ কিছু নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হচ্ছে। ঈদের নাটক ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপ করেছেন শিহাব শাহীন।
প্রশ্ন : ঈদ উপলক্ষে তো বেশ কিছু নাটক নির্মাণ করেছেন। দর্শক এবার ঈদে আপনার পরিচালনায় নাটক কেন দেখবেন বলে আপনি মনে করেন?
উত্তর : যাঁরা আমার কাজ নিয়মিত দেখেন ও জানেন, আশা করছি তাঁরা আমার নাটক দেখছেন এবং দেখবেন। আমি আত্মবিশ্বাস নিয়ে বলছি, আমার দর্শকরা নাটক দেখে বিনোদন পাবেন এবং তাঁদের প্রত্যাশাও পূর্ণ হবে। এবার প্রতিটি নাটকের লোকেশনে অনেক ভিন্নতা রয়েছে। আর গল্পের ভিন্নতা তো রয়েছেই। নাটক তো নয় দর্শকরা কম সময়ে অনেক ছোট ছোট সিনেমা দেখতে পারবেন। এ ছাড়া আমাদের দেশীয় চ্যানেলের ঈদের নাটক বাদ দিয়ে বিদেশি চ্যানেল দেখার সুযোগ এবার কম। বিভিন্ন চ্যানেলে প্রচারিত ঈদের নাটকে দর্শকরা দুশোর বেশি গল্প জানতে পারবেন। আমার পরিচালিত নাটকগুলোর মধ্যে ‘রূপকথা এখন আর হয় না’, ‘সে রাতে বৃষ্টি ছিল’, ‘এক্স ফেক্টর গেম অভার’, ‘অনামিকা’ আমার নিজের বেশি ভালো লেগেছে। এবার আমি মোট সাতটি নাটক নির্মাণ করেছি।
প্রশ্ন : এবার আপনার পরিচালনায় সাতটি নাটকের মধ্যে পাঁচটি নাটকেই অভিনয় করেছেন সঙ্গীতশিল্পী তাহসান। তাঁর সম্পর্কে কিছু বলুন।
উত্তর : তাহসানের সঙ্গে আমার টানা তিন বছর কাজ হয়নি। আমি চলচ্চিত্র ও অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এবার ঈদে পাঁচটি নাটকে সংগীতশিল্পী তাহসানকে নয় বরং পর্দায় অভিনেতা তাহসানকে আমি ব্যাবহার করতে চেয়েছি। পাঁচটি নাটকের তাহসানের চরিত্রের ভিন্নতাই দর্শকরা বুঝতে পারবেন। এবার তাহসানের অভিনয়ের দিকে বেশি জোর দিয়েছি। অনেক পাকা অভিনয় করেছেন তাহসান। আসলে আমার কাছে গায়ক, চিকিৎসক কিংবা নায়ক নিয়ে সমস্যা নেই। যে ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস রাখবে সে-ই আমার কাছে অভিনেতা।
প্রশ্ন : আপনার নতুন চলচ্চিত্রের খবর কী?
উত্তর : গল্প ঠিকঠাক হয়েছে। খুব শিগগিরই চলচ্চিত্রের নাম ও শুটিংয়ের ব্যাপারে সবাইকে জানিয়ে দেব।

নাইস নূর