পাকিস্তানে ‘উড়তা পাঞ্জাব’ উড়বে কি?
ভারতের সেন্সর বোর্ডের সঙ্গে রীতিমতো মল্লযুদ্ধ করে ছাড় পেয়েছে হিন্দি চলচ্চিত্র ‘উড়তা পাঞ্জাব’। মুক্তির দুদিন আগেই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার বিপর্যয় সামলে উঠতে না উঠতেই আরেক দুঃসংবাদ ছবির জন্য। পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে মুক্তি পেতে বেশ বেগ পেতে হচ্ছে ছবিটির। তাহলে কি পাকিস্তানে উড়ছে না ‘উড়তা পাঞ্জাব’? বলিউড হাঙ্গামার খবরে জানা গেল, পাকিস্তানের প্রেক্ষাগৃহে ‘আনকাট’ অবস্থায় ছাড় পাওয়া আপাতত অসম্ভবই মনে হচ্ছে ছবিটির জন্য।
ভারতে মুক্তির সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশেই মুক্তি পেয়েছে ‘উড়তা পাঞ্জাব’। নির্মাতারা অনলাইন থেকে ছবির ফাঁস হয়ে যাওয়া ডাউনলোড লিংকগুলোও সরিয়ে ফেলার কাজ করে চলেছেন অনবরত। তবে পাকিস্তানের বিষয় ভিন্ন। সেখানে সেন্সর বোর্ডের কড়াকড়ি একটু বেশি। পাকিস্তানের চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান ফখর আলম জানিয়েছেন, ছবিটি থেকে ‘অশালীন’ ভাষা এবং ‘আপত্তিকর’ দৃশ্য কেটে ফেলার জন্য পরিবেশকদের নির্দেশ দিয়েছেন তাঁরা। এতে যদি নির্মাতাদের আপত্তি থাকে, তাহলে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হবে না। তাঁরা বিভিন্ন প্রতিবেদন থেকে বুঝেছেন যে এই ছবিতে যথেষ্ট পরিমাণে ‘আপত্তিকর’ বিষয় রয়েছে। এ কারণেই পাকিস্তানে যদি এই ছবি দেখাতে হয়, তবে এ সবই কেটে বাদ দিতে হবে। তার আগ পর্যন্ত ‘উড়তা পাঞ্জাব’ পাকিস্তানে মুক্তি দেওয়া হবে না।
‘উড়তা পাঞ্জাব’ ছবিতে শহিদ কাপুরকে একজন মাদকাসক্ত রকস্টার, আলিয়া ভাটকে একজন বিহারি অভিবাসী, কারিনা কাপুরকে একজন চিকিৎসক এবং দিলজিৎ দোসাঞ্জকে একজন পুলিশ সদস্যের ভূমিকায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক চৌবে।

ফিচার ডেস্ক