জ্যাকলিন-বিতর্কে মুখ খুললেন বরুণ

‘সউ তারাহ কে’ গানে বরুণ ধাওয়ান ও জ্যাকলিন ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত
মুক্তির আগেই বিতর্ক তৈরি হয় অনেক ছবি নিয়ে। ‘ঢিশুম’ ছবিটির জন্য অবশ্য এই বিতর্ক একটু অপ্রত্যাশিতই ছিল। একটি গানের পোশাকের জন্য রীতিমতো ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ! জ্যাকলিন ফার্নান্দেজের পোশাকের যে বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছিল, তার জবাব দিয়েছেন তাঁরই সহশিল্পী বরুণ ধাওয়ান। এই অভিযোগের বিষয়টিই ভুল, এমন বক্তব্য বরুণের।
‘সউ তারাহ কে’ গানের মধ্যে দেখা যায়, জ্যাকলিন ফার্নান্দেজের কোমরে এক ধরনের কোমরবন্ধনী লাগানো। এই কোমরবন্ধনী নিয়েই যত গণ্ডগোল। শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় সংস্থা গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির অভিযোগ, জ্যাকলিন কোমরে একটি কৃপাণ (এক ধরনের অস্ত্র) ঝুলিয়েছেন যা শিখদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি আইটেম গানে এমনভাবে এই বিষয়টির উপস্থাপনা করে জ্যাকলিন তথা এই ছবির নির্মাতারা শিখদের ধর্মীয় অনুভূতিকে আঘাত এবং অসম্মান করেছেন। এ কারণে তারা সেন্সর বোর্ডের কাছে ছবি থেকে এই গানটি বাদ দেওয়ার জন্য আহ্বান জানান।
বরুণ ধাওয়ান বলছেন, এই ধারণাটি একেবারেই ভুল। জ্যাকলিন কোমরে যেটি পরেছিলেন, সেটি মোটেও কোনো কৃপাণ নয়! এটি একটি অ্যারাবিয়ান ড্যাগার, আর মরক্কোতে শুটিং হয়েছিল বলে অস্ত্রটি জ্যাকলিনের পোশাকের সঙ্গে উপযুক্ত মনে হয়েছে সবার। সুতরাং এই বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি যেন না হয়, এমন প্রত্যাশা রাখেন বরুণ।
সেই সঙ্গে বরুণ আরো মনে করিয়ে দেন, তিনি এবং তাঁর ভাই রোহিত (ছবির পরিচালক) দুজনেই তো একটি পাঞ্জাবি পরিবারের সন্তান। সুতরাং নিজেদের সম্প্রদায়ের ওপর অবমাননা হয়, এমন কাজ তো তাঁরা কোনো অবস্থাতেই করবেন না।
‘ঢিশুম’ ছবিটিতে জন আব্রাহাম, জ্যাকলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ান ছাড়াও খলচরিত্রে দেখা যাবে অক্ষয় খান্নাকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে সাকিব সেলিম ও নার্গিস ফাখরিকে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে ২৯ জুলাই।
‘সউ তারাহ কে’ গানটি দেখতে পারেন —

ফিচার ডেস্ক