বুদাপেস্টে সালমান-আনুশকার রোমান্স!
প্রথম টিজারে সালমান খানের সঙ্গে দেখাই মেলেনি আনুশকা শর্মার। তবে দ্বিতীয় টিজারেই বোঝা গেছে, ‘সুলতান’ ছবিতে কম গুরুত্বপূর্ণ নন আনুশকা। সালমানের মতো তিনিও এই ছবিতে একজন কুস্তিগীর। ছবির একদম শেষের দিকের কাজের জন্য পুরো টিমের সঙ্গে বুদাপেস্টের দিকে রওনা হবেন সালমান ও আনুশকা।
এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘সুলতান’ ছবির পূর্ণাঙ্গ অফিশিয়াল ট্রেলার। সুলতান আলী খান চরিত্রে সালমান খান এবং আরফা চরিত্রে আনুশকার লড়াই কেবল কুস্তির ময়দানে নয়, বরং পুরো জীবনেই কীভাবে চলেছে—তারই আভাস মিলেছে ট্রেইলারে। তবে বুদাপেস্টে খটমটে জীবনের নয়, রোমান্টিক কিছু দৃশ্যের শুটিংয়ে জন্যই যাচ্ছেন এই জুটি।
‘সুলতান’-এর দ্বিতীয় টিজারে দেখা গিয়েছিল, আর দশটা মেয়ের মতো সাধারণ জীবনযাপনেই অভ্যস্ত আরফা (আনুশকা শর্মা)। তবে ছোটবেলা থেকে বেড়ে ওঠার সাথে সাথেই লড়াইয়ের মানসিকতা রয়েছে তার। কুস্তিগীরদের আখড়ায় নিজের চেয়ে দ্বিগুণ আকৃতির পুরুষ কুস্তিগীরকেও সে ঠিকই আছড়ে ফেলতে জানে শক্তি আর কুস্তিগীরের কৌশলে। তাকে আখ্যা দেওয়া হয় ‘হরিয়ানার বাঘিনী’ হিসেবে। আর প্রথম টিজারে তো ‘হরিয়ানার বাঘ’ হিসেবেই পরিচয় দেওয়া হয়েছিল ‘সুলতান’ সালমান খানকে।
এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রণদীপ হুড়াকে। আলী আব্বাস জাফরের পরিচালনায় যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘সুলতান’ মুক্তি পাবে এবারের ঈদ উপলক্ষে, ৬ জুলাই।

ফিচার ডেস্ক