৩০ বছর পর ফিরল দিওয়ানা: শাহরুখের প্রথম সিনেমার অজানা ৫ তথ্য
আজ থেকে তিন দশক আগে মুক্তি পেয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের ক্যারিয়ারের প্রথম সিনেমা দিওয়ানা (১৯৯২)। ঋষি কাপুর ও দিব্যা ভারতীর মতো তারকাদের পাশে সেকেন্ড লিড হিসেবে স্ক্রিন শেয়ার করেও সেদিন বাজিমাত করেছিলেন বলিউডের এই নবাগত কিং। বক্স অফিসে ঝড় তোলা সেই কালজয়ী সিনেমার এমন কিছু তথ্য আজ তুলে ধরা হলো, যা হয়তো অনেকেরই অজানা
প্রথম চয়েস ছিলেন না শাহরুখ
দিওয়ানা ছবির রাজা চরিত্রের জন্য পরিচালক রাজ কানওয়ারের প্রথম পছন্দ ছিলেন আরমান কোহলি। এমনকি ছবির প্রথম শিডিউলের শুটিংও করেছিলেন আরমান। কিন্তু পরিচালকের সাথে ঝামেলার কারণে তিনি প্রজেক্টটি ছেড়ে দিলে সেই শূন্যস্থানে এন্ট্রি নেন শাহরুখ খান।
সিনেমার প্রথমার্ধে ছিলেনই না কিং খান
অবিশ্বাস্য হলেও সত্যি, সিনেমার প্রথম ১ ঘণ্টায় শাহরুখ খানের কোনো উপস্থিতিই ছিল না। ইন্টারভেলের ঠিক আগ মুহূর্তে বাইক নিয়ে 'কোই না কোই চাহিয়ে' গানের মাধ্যমে পর্দায় এন্ট্রি নেন তিনি। আর সেই এন্ট্রিই হিন্দি সিনেমার ইতিহাস বদলে দেয়।
প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা, কিন্তু প্রথম সাইন করা নয়
দিওয়ানা শাহরুখ খানের ডেবিউ ফিল্ম হিসেবে পরিচিত হলেও, এটি তাঁর সাইন করা প্রথম সিনেমা ছিল না। তিনি প্রথমে হেমা মালিনীর দিল আশনা হ্যায় সিনেমার শুটিং শুরু করেছিলেন। কিন্তু দিওয়ানা আগে মুক্তি পেয়ে যাওয়ায় এটিই তাঁর প্রথম ছবি হিসেবে রেকর্ড গড়ে।
সিনেমার গানে সমীর ও নাদিম-শ্রাবণের ম্যাজিক
সিনেমার অ্যায়সি দিওয়ানাগি এবং কোই না কোই চাহিয়ে গানগুলো আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে। সেই বছর নাদিম-শ্রাবণ এই অ্যালবামের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালকের ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন এবং গীতিকার সমীর সেরা গীতিকারের পুরস্কার পান।
প্রথম সিনেমাতেই বাজিমাত ও পুরস্কার
নিজের প্রথম সিনেমা দিয়েই বক্স অফিস কাঁপানোর পাশাপাশি সমালোচকদের মন জয় করে নিয়েছিলেন শাহরুখ। ১৯৯৩ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা নবাগত অভিনেতা (লাক্স নিউ ফেস অফ দ্য ইয়ার) হিসেবে ব্ল্যাক লেডি ঘরে তোলেন তিনি।

বিনোদন ডেস্ক