‘সুলতানে’র শুটিংয়ে কেন কেঁদেছিলেন সালমান?
সিনেমার বিভিন্ন দৃশ্যে তো কান্নাকাটি করতেই হয় শিল্পীদের। এমন অভিজ্ঞতা সালমান খানের প্রায় প্রতি ছবিতেই হয়েছে। তবে ‘সুলতান’ ছবির শুটিংয়ে দৃশ্যের প্রয়োজনে নয়, বাস্তবেই কেঁদে ফেলেছেন সালমান খান। আর এর কারণ জানলে বেশ অবাক হতে পারেন, হাসতেও পারেন!
কুস্তি লড়ার দৃশ্যে অভিনয়ের জন্য সালমানকে কুস্তিগীরদের বিশেষ পোশাক ‘ল্যাঙ্গোট’ পড়তে হয়েছিল, সোজা কথায় যেটির চেহারা একেবারেই অন্তর্বাসের মতো! কেবল এই পোশাক গায়ে দিয়ে, পুরো আদুল গায়ে সালমানকে আসতে হয়েছে হাজার পাঁচেক মানুষের সামনে। সালমানের কথা, এটিই ছিল এই ছবিতে তাঁর জন্য সবচেয়ে কঠিন কাজ।
‘ল্যাঙ্গোট পরাটাই ছিল সবচেয়ে কঠিন কাজ। সাঁতারের পোশাক পরা কোনো অভিনেত্রীর জন্য কতটা কঠিন এখন আমি বুঝি। যখন আমাকে বলা হলো যে আমাকে শুধু ল্যাঙ্গোট পরতে হবে, আমি ভেবেছিলাম এটা সহজেই করতে পারব। আমি যখন সবার সামনে গেলাম, দেখি হাজার পাঁচেক মানুষ! আমার মনে হয়েছিল যে এটা আমি কোনোমতেই পারব না। ভ্যানিটি ভ্যান থেকে যখন বেরোচ্ছিলাম, তখন কেঁদেই ফেলেছিলাম। আমার প্রচণ্ড অপমানিত লাগছিল, লজ্জা লাগছিল।’
সালমান আরো বলেন, ‘মানুষের সামনে শার্ট খুলতে আমার কখনো লজ্জা লাগেনি, কিন্তু এই বিষয়টা ছিল সবচেয়ে কঠিন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে সবাই ব্যাপারটার সঙ্গে বেশ স্বাভাবিকভাবেই মানিয়ে নিয়েছিল।’
আলী আব্বাস জাফরের নির্দেশনায় সালমানের বিপরীতে ‘সুলতান’ ছবিতে দেখা যাবে আনুশকা শর্মাকে, যিনি নিজেও এই ছবিতে একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছেন।
সালমান আশা করছেন ছবিটি বেশ ব্যবসাসফল হবে, ‘আমরা আমাদের সবটুকু দেওয়ার চেষ্টা করেছি এই ছবিতে। আশা করছি আমাদের জীবনের সেরা একটা হিট ছবি হবে এটা। আলী তো ওর জীবনটাই প্রায় দিয়ে দিয়েছে এই ছবির জন্য!’
এরই মধ্যে ছবির পূর্ণাঙ্গ অফিশিয়াল ট্রেইলার মুক্তি পেয়েছে ইউটিউবে—
আসন্ন ঈদে দর্শকদের জন্য আসছে ‘সুলতান’।

ফিচার ডেস্ক