বিদ্যা বললেন, ‘আসছি সুজয়দা’!
সন্তানসম্ভবা এক নারী খটখট করে হেঁটে চলছেন কলকাতার রাস্তাঘাটে। খুঁজে বেড়াচ্ছেন নিজের স্বামীকে, অথচ কেউই কোনোরকমের সন্ধান দিতে পারছে না। এদিকে, পুলিশ বিভাগে রীতিমতো তোলপাড় এ নিয়ে; নড়েচড়ে বসেছেন সবচেয়ে উঁচু মাথাওয়ালা বড়কর্তারা। এ নিয়ে ছিল বিদ্যা বালানের দুর্দান্ত থ্রিলার ‘কাহানি’।
‘কাহানি’র তুমুল জনপ্রিয়তা এবং সাফল্যের পর সবাই চেয়েছিলেন ছবিটির সিক্যুয়াল আসুক। তবে ছবি নির্মাণ তো আর চাইলেই হয় না। আর তাতে অনেক রকমের গোলযোগ বেধে যাওয়া স্বাভাবিক ঘটনা। এ জন্য ‘কাহানি-২’ মাঠে নামতে নামতেই লেগে গেছে কয়েক বছর। তবে এ বছরের শুরু থেকে সবাইকে সুখবর দিয়েছেন নির্মাতা সুজয় ঘোষ ও অভিনেত্রী বিদ্যা বালান।
‘কাহানি-২’ নির্মাণ প্রায় শেষের দিকে। এরই মধ্যে ছবিতে নিজের কাজ শেষ করেছেন বিদ্যা বালান। সুজয় ঘোষ টুইট করেছেন, ‘বিদ্যা কাহানির কাজ শেষ করেছে।’ বিদ্যার পারফরম্যান্সের জন্য প্রশংসায় জুড়ে দিয়েছেন আরেকটি লাইন, ‘অ্যানাদার মাদার অব আ স্টোরি।’
এমন প্রশংসার জবাব দিতে ভোলেননি বিদ্যা। বাংলায় টুইট করেছেন, ‘আসছি সুজয়দা...’!
‘কাহানি-২’ ছবিতে বিদ্যা বালান ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্জুন রামপালকে। এ বছরের ২৫ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে ছবির টিজার মুক্তি পেয়েছে। দেখতে চাইলে ইউটিউব লিংকে ক্লিক করুন—

ফিচার ডেস্ক