অমিতাভ-বিদ্যার কাছে বাংলা শিখলেন নওয়াজ
আগামী মাসের ১০ তারিখ বলিউডে আসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত থ্রিলার ছবি ‘তিন’। ট্রেইলারের মাধ্যমে দারুণ সাড়া পেয়েছে ছবিটি। কলকাতার পটভূমিতে নির্মিত এই ছবিতে বাংলা ভাষা স্বাভাবিকভাবেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর সে কারণেই শিল্পীদেরও বাংলা জানাটা ছিল বেশ জরুরি।
বিদ্যা বালান এর আগে ‘কাহানি’র মাধ্যমে কলকাতা গুলে খেয়েছেন বলা যায়। তাই বাংলা তিনি কাজ চালানোর মতো জানেন। আর অমিতাভ বচ্চনের তো স্ত্রীই বাঙালি, কাজেই বাংলায় তিনি যথেষ্ট পারদর্শী। সমস্যা ছিল নওয়াজউদ্দিন সিদ্দিকীকে নিয়ে। মুজাফফরনগর থেকে উঠে আসা আজকের দিনে বলিউডের এই স্বনামধন্য অভিনেতা বাংলা একেবারেই জানতেন না।
তবে এখন তিনি বেশ ভালোই বাংলা জানেন, জানা গেল বলিউড হাঙ্গামার খবরে। বাংলার তালিম পেয়েছেন তিনি ছবির সেটেই, অমিতাভ আর বিদ্যা মিলে তাঁকে বাংলা শিখিয়েছেন। সেট কলকাতায়, পরিবেশ-আবহ সবই কলকাতার। আর পরিচালক ঋভু দাসগুপ্ত, প্রযোজক সুজয় ঘোষ, বিদ্যা বালান আর অমিতাভ বচ্চন প্রায়ই নিজেদের আলাপচারিতা বাংলায় চালাতেন। কাজেই নওয়াজের বাংলা শেখা জরুরি হয়ে উঠেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন তিনি আলাপ চালানোর মতো বাংলা শিখে ফেলেছেন।
শুটিং টিমের একজন বলেছেন, ‘সুজয়দা, ঋভু, মিস্টার বচ্চন আর বিদ্যার জন্য কলকাতা তো প্রায় ঘরের মতোই। কাজেই ওরা কথাবার্তায় অনেক বাংলা ব্যবহার করতেন। শেষটায় নওয়াজউদ্দিনও ওঁদের কথা বুঝতেন এবং ওঁদের কাছ থেকে কথা বলার মতো বাংলা শিখে ফেলেছেন।’

ফিচার ডেস্ক