চুম্বনদৃশ্যকে সানির ‘না’!
যা পড়ছেন ঠিকই পড়ছেন! বলিউডের ‘বেবি ডল’ খ্যাত সানি লিওন আর কোনো ছবিতে সহশিল্পীর সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে রাজি নন। সানির ভক্তরা বা নির্মাতারা এতে হতাশ হলেও কিছু করার নেই। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেল, শিগগিরই বিষয়টি রীতিমতো চুক্তির আওতায় নিয়ে আসতে যাচ্ছেন এই বলিউড তারকা।
যাঁরা সানির বলিউডি ছবিগুলো দেখেছেন, তাঁরা একটি বিষয় হয়তো বুঝতেও পেরেছেন এরই মধ্যে। ‘রাগিনী এমএমএস ২’-এর পর বেশ কয়েকটি ছবি করলেও, কোনোটিতেই কিন্তু অন-স্ক্রিনে চুমু খাননি সানি! ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন বটে ‘এক পহেলি লীলা’, ‘মাস্তিজাদে’, ‘কুচ কুচ লোচা হ্যায়’ বা সাম্প্রতিক ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর মতো ছবিগুলোয়; তবে এর কোনোটাতেই সহশিল্পীর সঙ্গে চুম্বনে দেখা যায়নি তাঁকে।
এই বিষয়টি নিয়ে নির্মাতারা দ্বিধাগ্রস্ত হতেই পারেন। একে তো বলিউডে এখন চুম্বন নিয়ে তেমন কোনো বিধিনিষেধ নেই, সেখানে সানির মতো আবেদনের তকমা আঁটা শিল্পী যদি এমন শর্ত জুড়ে দেন—তাহলে তো সমস্যাই বটে! তবে সানির কথা একটাই, ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই, তবে তাতে চুমু থাকা চলবে না। এই শর্ত তিনি তাঁর অফিশিয়াল চুক্তিপত্রের মধ্যেই সংযুক্ত করতে চলেছেন।
সিনেমায় অভিনয়ে তেমন সাফল্য পাননি সানি, তবে আইটেম গানে এখন বলিউডে সবারই পছন্দের তালিকার শীর্ষে তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানে নাচতে দেখা যাবে তাঁকে।
২০১২ সালে ভাট ক্যাম্পের ‘জিসম ২’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় সানি লিওনের।

ফিচার ডেস্ক