বিয়ের আগে উল্কিতে কি লিখলেন শ্রাবন্তী-কৃষাণ?
কলকাতার ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। কৃষাণের সঙ্গে তাঁর আগাম বাগদানের খবরে এখন টালিউডপাড়া মুখরিত। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী খুব শিগগির তাঁদের এক বছরের প্রণয় পেতে যাচ্ছে পরিণতি।
বিজ্ঞাপনের কাজের সুবাদে কৃষাণের সঙ্গে শ্রাবন্তীর প্রথম সাক্ষাৎ মুম্বাইয়ে। তার পর টানা এক বছরের প্রেম। এর পর কোনো রাখঢাক না রেখেই ফেসবুকে সরাসরি ছবি পোস্ট করে শ্রাবন্তী জানিয়ে দিলেন তাঁদের সম্পর্কের খবর।
তবে ভালোবাসার গল্প এখানেই শেষ নয়। ভালোবাসা প্রকাশ করার জন্য তাঁরা নিজেদের শরীরে খোদাই করেছেন একে অপরের নাম। সম্প্রতি শ্রাবন্তী-কৃষাণের এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ছবিতে শ্রাবন্তীর হাতের কব্জিতে ছেলে ঝিনুক আর হবু বর কৃষাণের নামের উল্কি বেশ স্পষ্টই বোঝা যায়। আর কৃষাণের হাতের উল্কিতে লেখা ‘গিনু’। শ্রাবন্তীর ডাকনাম এটি।
কিছুদিন আগেই কৃষাণের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে শ্রাবন্তী বলেন, ‘প্রথমবারের মতো আমাদের ছবি ফেসবুকে পোস্ট করলাম। তবে লজ্জা লাগছে না মোটেই। ও আসলে আমার খুব ভালো বন্ধু। এমন অনুভূতি আগে কখনো হয়নি।’
তবে শ্রাবন্তীর জীবনের প্রণয়ের খাতায় শুরুর নামটা কিন্তু কৃষাণের নয়। এর আগে তাঁর দুটি সম্পর্ক ছিল, যার মধ্যে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। রাজীব-শ্রাবন্তীর ঘরে ঝিনুক নামের একটি ছেলেসন্তানও রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসার সেই ঘর টেকেনি।
শ্রাবন্তী-কৃষাণের সম্পর্কের কথা জানতে এখন আর কেউ বাকি নেই। দুই পরিবারেরও সম্মতি রয়েছে এ সম্পর্কে। শিগগিরই আংটি বদল করে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করবে দুই পরিবার।

শেখ নিয়াম