দ্বিতীয় বিয়ে করছেন শ্রাবন্তী
ধর্মকর্মের বেলায় কৃষ্ণের ভীষণ ভক্ত টালিউড অভিনেত্রী শ্রাবন্তী। জীবনের সঙ্গী হিসেবেও পেতে যাচ্ছেন সমনামী একজনকে। তিনি হলেন মুম্বাইয়ের সুপারমডেল কৃষাণ ব্রজ। এমন মানুষকে আপন করে পাওয়াকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই নাকি মানছেন শ্রাবন্তী।
দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে মাসখানেকের মধ্যেই নাকি বাগদান সেরে ফেলতে যাচ্ছেন তাঁরা, টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেল এমন খবর।
কৃষাণের সঙ্গে শ্রাবন্তীর পরিচয়টা অভিনয়ের সুবাদেই। সাক্ষাৎ হয়েছিল মুম্বাইয়ে, একটি বিজ্ঞাপনে জুটি বেঁধে কাজের সুবাদে। প্রেম জমতেও দেরি হয়নি। এরপর মুঠোফোনে কথা বলেই দিন পার করে দিতেন এই জুটি। আর বছর পেরিয়ে এই প্রেমের সম্পর্ক এখন পাকাপোক্ত হতে চলেছে।
কৃষাণের সঙ্গে ফেসবুকে ছবিও পোস্ট করেছেন শ্রাবন্তী। এ বিষয়ে লিখেছেন, ‘প্রথমবারের মতো আমাদের ছবি ফেসবুকে পোস্ট করলাম। তবে লজ্জা লাগছে না মোটেই। ও আসলে আমার খুব ভালো বন্ধু। এমন অনুভূতি আগে কখনো হয়নি।’
শ্রাবন্তীর জীবনে অবশ্য কৃষাণ প্রথম পুরুষ নন। তিনি নিজেই জানিয়েছেন, এর আগে তাঁর দুটি সম্পর্ক ছিল, যার মধ্যে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিষয়টা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। এই পক্ষে ঝিনুক নামে একটি ছেলেসন্তানও আছে শ্রাবন্তীর। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি সেই সংসার।
পুরোনো সম্পর্কের কষ্টগুলো তো থেকে যায়। তবে সে কষ্ট ভাগাভাগি করে নেওয়া আর সহমর্মিতা জুগিয়েছেন কৃষাণ অনবরত। এ জন্য শ্রাবন্তীর ভালোলাগার সঙ্গে সঙ্গে কৃষাণের জন্য কৃতজ্ঞতাও অনেক।
হবু স্ত্রীর কথায় সুর মিলিয়ে কৃষাণ বলেন, ‘শ্রাবন্তী আসলে খুবই সহজ-সরল একটি মেয়ে। ও যে একজন স্টার, তা বুঝতেই দেয় না। ওর অতীত আমি জানি। আমি চেষ্টা করব যেন ও আগের সব কষ্ট ভুলে যেতে পারে।’
শ্রাবন্তী-কৃষাণের সম্পর্কের কথা দুই পরিবারই জানে। সম্মতিও আছে তাঁদের। শিগগিরই একসঙ্গে বসে আংটি বদল এবং বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করবেন তাঁরা। এখন শুধুই অপেক্ষা শুভ সমাপ্তির।

শেখ নিয়াম