সালমানের জন্য পিছিয়ে গেলেন শাহরুখ
মাঝে একটু ঝামেলা হলেও হালে দুজনের মধ্যে বন্ধুত্বের ঝালাই হয়েছে। দুজনই বলিউডের খ্যাতিমান ও প্রভাবশালী নায়ক। একজন বলিউডের বাদশা শাহরুখ খান, অন্যজন বলিউডের ভাই সালমান খান। তাঁরা নিজেদের সম্পর্কের গুরুত্ব যেমন বোঝেন, তেমনি ব্যবসায়িক স্বার্থটাও ভালো বোঝেন না। সামনে আসছে ঈদ, আর ঈদ মানেই বলিউডে নতুন ছবি। ঈদে সালমানের নতুন ছবি মুক্তি পাবে এই রীতি এখন বলিউডে প্রতিষ্ঠিত। কাজেই একই সময়ে মুক্তি দেওয়ার কথা থাকলেও বহুল প্রতীক্ষিত ‘রইস’-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে, যেমনটা আভাস দিয়েছিলেন শাহরুখ খান।
এবারের ঈদে বলিউডে যে ‘বক্স-অফিস সংঘর্ষ’ ঘটার সম্ভাবনা দেখা দিয়েছিল, সেটি আর এখন একেবারেই নেই। গত বছর ‘দিলওয়ালে’ বনাম ‘বাজিরাও মাস্তানি’ একই সময়ে মুক্তি পেয়েছিল। বলাই বাহুল্য, এ জন্য ব্যবসায়িক দিক থেকে বেশি ক্ষতি হয়েছিল শাহরুখের ‘দিলওয়ালে’ ছবিটিরই। সেখান থেকে শিক্ষা শাহরুখ খান ভালোভাবেই নিয়েছেন।
প্রযোজক রিতেশ সিধভানি, ফারহান আখতার ও শাহরুখ খানের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “ছবিটা (রইস) পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত খুব একটা সহজ ছিল না। আমরা জানি যে ‘রইস’ বহুল প্রতীক্ষিত, তাই এ রকম ছবি প্রদর্শনের সঠিক সময় এবং পরিস্থিতি প্রয়োজন। এ কারণেই আমরা মুক্তির তারিখ আগামী বছর অর্থাৎ ২০১৭ সালের ২৬ জানুয়ারি নির্ধারণ করেছি।”
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘রইস’। ছবির শুরুতে শাহরুখ খানের দেখা মিলবে এক বেপরোয়া মদ ব্যবসায়ীর চরিত্রে, সেখান থেকে তিনি হয়ে উঠবেন প্রতাপশালী রাজনীতিবিদ। এই ছবিতে শাহরুখ ছাড়াও দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। শাহরুখের বিপরীতে অভিনয় করবেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান, এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হতে যাচ্ছে তাঁর।
একটি আইটেম গানে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে বলিউড সেনসেশন সানি লিওনকে। আশির দশকের বিখ্যাত ‘লায়লা ও লায়লা’ গানের সঙ্গে তাল মিলিয়ে নতুন করে নাচবেন তাঁরা।
ছবিটি পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া।

ফিচার ডেস্ক