পতনের মুখে শাহরুখের ‘ফ্যান’!
২০১৬ সালের সেরা ওপেনিং উইকেন্ড দিয়ে শুরু করেছিল শাহরুখের ‘ফ্যান’। প্রথাগত বাণিজ্যিক ছবির আঙ্গিকে নয়, বরং ব্যতিক্রমভাবে বানানো এই ছবি নিয়ে সবাই বেশ আশাবাদী ছিলেন। দর্শকের আশা কিং খান পূরণ করলেও কিং খানের আশা পূরণ হতে যাচ্ছে কি? বক্স অফিস ক্যাপসুলের খবরে জানা গেল, গতকালই ছবির আয় পড়ে গেছে ৬৫ শতাংশ!
ভারতের সাড়ে তিন হাজার এবং সারা বিশ্বে প্রায় এগারোশ’ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ‘ফ্যান’। ছবিটি শাহরুখ খানের অন্যান্য ছবির মতো তো নয়ই, এমনকি একেবারেই কোনো বাণিজ্যিক বলিউডি ছবির মতো নয়। এই ছবিতে আইটেম গান বা নাচ দূরে থাকুক, কোনো গানই নেই! তবে তা সত্ত্বেও ডোমেস্টিক বক্স অফিসে প্রথমদিনে ১৯ কোটি, দ্বিতীয় দিনে ১৫ কোটি এবং তৃতীয় দিনে প্রায় ১৭ কোটি রুপি আয় করেছিল ছবিটি। তবে গতকাল ছবিটির ব্যবসা একেবারেই মার খেয়ে গেছে। ঘরোয়া বক্স অফিসে মাত্র পৌনে ছয় কোটি রুপি আয় করতে পেরেছে ‘ফ্যান’।
তবে বিদেশে ‘ফ্যান’ চলছে জমজমাট। দেশীয় বাজারের প্রায় সমপরিমাণ আয় করেছে ছবিটি, এরই মধ্যে তুলে ফেলেছে ৪০ কোটি রুপি। বিদেশি বাজারের এই বিপুল আয় ছবিটিকে ব্যবসাসফল করে তুলবে বলেই ধারণা করছেন বলিউডের বাজার-বিশ্লেষকরা।
দেশি ও বিদেশি বাজার মিলিয়ে এরই মধ্যে প্রায় ১০০ কোটি রুপি আয় করে ফেলেছে ‘ফ্যান’। তবে ছবিটিকে কতটা ব্যবসাসফল বলা যাবে, তা এ সপ্তাহের ডোমেস্টিক মার্কেটের আয় শেষেই বলা সম্ভব হবে।
মণীষ শর্মার পরিচালনায় এই ছবিতে শাহরুখ খান একইসঙ্গে একজন সুপারস্টার এবং তাঁর উন্মাদ ভক্ত, এই দুই চরিত্রে অভিনয় করেছেন। ছবির কাহিনী এমন, সুপারস্টার আরিয়ান খান্নাকে নিয়ে ছোটবেলা থেকেই আচ্ছন্ন গৌরব। আরিয়ানের প্রতি তার ভক্তি আর ভালোবাসা পাগলামিকেও ছাড়িয়ে যাওয়া। ঘটনাক্রমে মুখোমুখি হয় ভক্ত এবং তারকা। এরপর শুরু হয় ভয়াবহ দ্বন্দ্ব, ভালোবাসা রূপ নেয় প্রতিহিংসা আর জিঘাংসায়।

ফিচার ডেস্ক