টম ক্রুজের নায়িকা হুমা কোরেশি?
বলিউড তারকাদের হলিউডে কাজের পরিমাণ বাড়ছে দিনদিন। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনই নয়, এ তালিকা আরো দীর্ঘ হতে পারে। ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘বদলাপুর’ খ্যাত নায়িকা হুমা কোরেশি অডিশন দিয়েছেন ‘দ্য মমি’ সিরিজের তৃতীয় ছবির জন্য। এনডিটিভির খবরে জানা গেল, এ ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে সুপারস্টার টম ক্রুজকে।
সুযোগ পেলে টমের বিপরীতে মূল নায়িকা হবেন হুমা কোরেশি। ছবিতে এরই মধ্যে সোফিয়া বুতেলার অন্তর্ভুক্তি নিশ্চিত হয়ে গেছে, তবে তিনি থাকবেন খলচরিত্রে! হুমার অডিশনের খবরটি পাকাপোক্ত, তাঁর মুখপাত্র এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন গণমাধ্যমকে।
‘হুমা কয়েকদিন আগে অডিশন দিয়েছেন (‘দ্য মমি’ সিরিজের জন্য), এতে থাকছেন টম ক্রুজ আর খলচরিত্রে সোফিয়া বুতেলা’, জানিয়েছেন হুমার মুখপাত্র।
হুমা এখন কাজ করছেন হলিউডের ‘অক্যুলাস’ ছবির হিন্দি রিমেকে। এ ছবিতে তাঁর ভাই এবং অভিনেতা সাকিব সেলিমকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবির দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন হুমা কোরেশি। প্রশংসিত হয়েছেন গত বছরের ‘বদলাপুর’ ছবিটির জন্যও। দুটি ছবিতেই তাঁর বিপরীতে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ ছাড়া ‘দেড় ইশকিয়া’ ছবিতেও অভিনয় করেছেন হুমা।

ফিচার ডেস্ক