মিস ইন্ডিয়া হলেন দিল্লির প্রিয়দর্শিনী
নামের সঙ্গে পুরস্কারের এমন মিল! এ বছরের ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতে নিলেন দিল্লির এক মেয়ে। নাম—প্রিয়দর্শিনী চ্যাটার্জি। মুম্বাইয়ে এক তারা ঝলমলে সন্ধ্যায় বলিউড কিং শাহরুখ খান ঘোষণা করেন তাঁর নাম। এনডিটিভির খবরে জানা গেল, বরাবরের নিয়মে ২০১৬ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন প্রিয়দর্শিনী।
৯ এপ্রিল চূড়ান্ত অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা—সঞ্জয় দত্ত, যামী গৌতম, অর্জুন কাপুর, কবির খানম ও অ্যামি জ্যাকসন। এ ছাড়া ছিলেন ২০১৫ সালের মিস ওয়ার্ল্ড মিরিয়া লালাগুনা, টেনিস তারকা সানিয়া মির্জা, নির্মাতা একতা কাপুর, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা, শেন পিকক।
প্রিয়দর্শিনীর পাশাপাশি ব্যাঙ্গালোরের সুশ্রুতি কৃষ্ণা ফার্স্ট রানারআপ এবং লখনৌর পংখুড়ি গিড়োয়ানি সেকেন্ড রানারআপ হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণার পাশাপাশি হাসিঠাট্টা করে সবাইকে মাতিয়ে রাখেন শাহরুখ খান। সে সঙ্গে নিজের আসন্ন ছবি ‘ফ্যান’-এর প্রচার করতেও ভোলেননি তিনি। অনুষ্ঠানে পারফর্ম করেন বলিউড তারকা বরুণ ধাওয়ান, শহিদ কাপুর, টাইগার শ্রফ, জ্যাকলিন ফার্নান্দেজ ও জনপ্রিয় র্যাপ গায়ক বাদশাহ্।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করণ জোহর ও মনীশ পাল।

ফিচার ডেস্ক