এমরানকে ক্রিকেট প্রশিক্ষণ দিয়েছেন আজহারউদ্দিন
একেই ক্রিকেট খেলা নিয়ে ছবি, তা-ও আবার মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে বায়োপিক। এমরান হাশমির জন্য পুরোদস্তুর ক্রিকেট খেলোয়াড় হয়ে ওঠাটা তাই মোটামুটি আবশ্যক ছিল। তাঁর সৌভাগ্য, আজহারউদ্দিন স্বয়ং প্রশিক্ষণ দিয়েছেন এমরানকে এই ছবির জন্য। ইউটিউবে আজই এই প্রশিক্ষণের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
মোহাম্মদ আজহারউদ্দিনের ব্যাটিং থেকে চলাফেরা, সবকিছুই ছিল একটু ব্যতিক্রমী। দারুণ সফল একজন ক্রিকেটার ছিলেন তিনি, যাঁর ব্যাট ধরার কৌশল, দাঁড়ানোর ভঙ্গি, শটের ধরন—সবকিছুই ছিল ক্রিকেটীয় ব্যাকরণ থেকে একটু ভিন্ন। সেই বিষয়গুলো যদি এমরান রপ্ত করতে না পারেন, তাহলে তো আর বায়োপিক ছবির যথার্থতা তেমন থাকে না। ‘আজহারউদ্দিন’ হয়ে ওঠার জন্য ট্রেনিং সেশনে তাই ভালোই ঘাম ঝরিয়েছেন ৩৭ বছর বয়স্ক এই অভিনেতা। সে জন্য যথাযথ সহযোগিতা করেছেন খোদ আজহারউদ্দিনও!
ইউটিউবে ভিডিওটি দেখতে ক্লিক করুন এই লিংকে—
এ বিষয়ে এমরান বলেন, ‘আমি তাঁকে খুবই মনোযোগ নিয়ে দেখেছি। তিনি সে সময় যে ম্যাচগুলো খেলেছেন, সেগুলোও আমি অনুসরণ করেছি যথাযথভাবে।’ এমরানকে খুব একটা চাপ না নেওয়ার পরামর্শ দিয়েছেন আজহারউদ্দিন। নিজেকে ঠিকমতো আবিষ্কারের মাধ্যমে খেলাকে আয়ত্তে আনার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক।
মোহাম্মদ আজহারউদ্দিন ‘ছাত্র’ এমরানের বিষয়ে বেশ ইতিবাচক। ‘সে খুবই ধৈর্যশীল এবং মনোযোগী ছাত্র। সবাই খুব দ্রুত শিখতে চায় না, শিখতে পারেও না। শেখার বিষয়ে তার (এমরান হাশমি) আসলেই আগ্রহ রয়েছে।’
‘আজহার’ ছবিটি পরিচালনা করেছেন টনি ডি সুজা। এই ছবিতে আরো অভিনয় করেছেন প্রাচি দেশাই, নার্গিস ফখরি, লারা দত্ত। চলতি বছরের ১৩ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ফিচার ডেস্ক