জাতীয় চলচ্চিত্র পুরস্কার
অভিনয়ে শ্রেষ্ঠ অমিতাভ ও কঙ্গনা
বুড়ো হাড়ের ভেল্কি কী জিনিস, তা ভালোই বুঝিয়ে দিচ্ছেন অমিতাভ বচ্চন! আর আগামী দিনে বলিউডের প্রভাবশালী হয়ে ওঠার সম্ভাবনা আরো পাকাপোক্ত করলেন কঙ্গনা রানাউত। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠত্বের খেতাব পেয়েছেন দুজনেই। এনডিটিভির খবরে জানা গেল, আজই দিল্লিতে ঘোষণা করা হয়েছে ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত তালিকা।
‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হওয়া কঙ্গনার এটি তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাত্র ২৯ বছর বয়সেই তিনবার এ পুরস্কার পেলেন তিনি। এর আগে ‘ফ্যাশন’ ও ‘কুইন’-এর জন্য এ পুরস্কার অর্জন করেছিলেন তিনি।
‘পিকু’র জন্য সেরা হওয়া অমিতাভের এটি ছিল চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৭৩ বছর বয়স্ক এই অভিনেতা এর আগে ‘অগ্নিপথ’, ‘ব্ল্যাক’ এবং ‘পা’ ছবির জন্য শ্রেষ্ঠত্বের খেতাব জিতেছিলেন।
সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে গেল বছরের অন্যতম আলোচিত ছবি ‘বাহুবলি’। সেরা পরিচালক হয়েছেন সঞ্জয় লীলা বনসালি, ‘বাজিরাও মাস্তানি’র সুবাদে। অন্যান্য কয়েকটি শাখায়ও পুরস্কৃত হয়েছে বনসালির এই ইতিহাসভিত্তিক ছবি।
‘মার্গারিটা, উইথ আ স্ট্র’র জন্য বিশেষ সমালোচক পুরস্কার পেয়েছেন কাল্কি কোচলিন। ‘মসান’-এর জন্য সেরা নবাগত পরিচালক নির্বাচিত হয়েছেন নীরাজ ঘাওয়ান। সেরা অনূদিত চিত্রনাট্য হিসেবে ‘তলভার’ ছবির জন্য পুরস্কৃত হয়েছেন বিশাল ভরদ্বাজ।

ফিচার ডেস্ক