তারকার প্রথম
প্রথম দেখাতেই দুজন বৃষ্টিতে ভিজেছিলাম : সজল
দেশের জনপ্রিয় রোমান্টিক অভিনেতা আব্দুন নূর সজল বৃষ্টিতে ভিজেই নাকি প্রথম প্রেম করেছিলেন। প্রথম প্রেম ছাড়াও তাঁর জীবনে ঘটে যাওয়া আরো অনেক উল্লেখযোগ্য প্রথম ঘটনা রয়েছে। এনটিভি অনলাইনের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে এসব নিয়ে তিনি আলাপ করেছেন।
প্রথম স্কুল
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
প্রথম শিক্ষক
আমার মা। আমি খুব ফাঁকিবাজ ছাত্র ছিলাম। পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য মায়ের কাছে অনেক মার খেয়েছি। কিন্তু আমি অল্প পড়াশোনা করলেও ভালো রেজাল্ট করতাম। একটা ঘটনা বলি, আমার ক্লাস ওয়ানে রোল ছিল ৪২। দ্বিতীয় শ্রেণিতে ওঠার পর আমার রোল ১ হয়েছিল। এ জন্য আমি অনেক কান্নাকাটি করেছি। রেজাল্ট নিয়ে মায়ের কাছে যেতে খুব ভয় পাচ্ছিলাম। কারণ আমার ধারণা ছিল, আমার রেজাল্ট খারাপ হয়ে রোল কমে এসেছে। বাসায় যাওয়ার পর দেখি, আম্মু আর বকে না। তার পরও আমি বুঝতে পারি নাই যে এটা আমার ভালো ফল ছিল। অনেক পরে এটা বুঝতে পেরেছিলাম। ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাসে আমি ফার্স্ট বয় ছিলাম।
প্রথম পারিশ্রমিক
প্রথম পারিশ্রমিক পেয়েছিলাম ১২ হাজার টাকা। ২০০০ সালে কোকা-কোলার একটা স্টিল ফটোশুট করে টাকাটা পেয়েছিলাম। আমার বিপরীতে ছিলেন প্রয়াত মডেল তিন্নি। আমার খুব ভালো বন্ধু ছিলেন তিন্নি। ওকে খুব মিস করি আমি। যা হোক, প্রথম পারিশ্রমিকের টাকাটা পেয়ে আমি তো খুব খুশি ছিলাম। কারণ, এতগুলো টাকা কখনো একবারে পাইনি। টাকাটা পেয়ে প্রথমে আমার মা ও বোনের জন্য শাড়ি কিনেছিলাম। এরপর বন্ধুরাসহ ঢাকার ভালো মানের একটা রেস্টুরেন্টে খেয়েছি। অনেক পাগলামি করেছি। এখন এসব মনে পড়লে হাসি পায়।
প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা
আমি নার্ভাস ছিলাম না। ক্যামেরার সঙ্গে ফ্রেন্ডলি ছিলাম। ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছি, এ রকম মনে হয়নি। আমি আর তিন্নি মিলে খুব ভালোভাবে কাজটা শেষ করেছিলাম।
প্রথম অভিনীত নাটক
তন্ময় তানসেন পরিচালিত ‘তখনো জানতে বাকি’। আমার সহশিল্পী ছিলেন মোনালিসা। অভিনয় কীভাবে করব, তখনো আমি জানতাম না। বন্ধুদের উৎসাহে কাজটা ভালোভাবে শেষ করতে পেরেছিলাম।
প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র
তন্ময় তানসেন পরিচালিত চলচ্চিত্র ‘রান আউট’। রাত ১টার সময় চলচ্চিত্রের প্রথম শট আমি দিয়েছিলাম। কনকনে শীতের মধ্যে শুটিং হয়েছিল সেদিন। ঠান্ডায় আমি খুব কেঁপেছিলাম, তবে ফার্স্ট শট ওকে ছিল। কিন্তু আমি নিজে থেকেই বেশ কয়েকবার শট দিয়েছিলাম।
প্রথম প্রেম
অনেকবার প্রেমে পড়েছি। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রথম প্রেম হয় আমার। মেয়েটির নাম এখন বলব না। তবে মনে আছে, প্রপোজ না করেই আমার প্রথম প্রেম হয়েছিল। সম্ভবত প্রথম দেখাতেই দুজন বৃষ্টিতে ভিজেছিলাম।

নাইস নূর