প্রেম করছেন ফারহান-কালকি?
বলিউডের বাজারে তো কত গুজবই ভেসে বেড়ায়। কিন্তু যা রটে তার কিছুটা তো ঘটে! সেই সূত্রে আবারো নতুন গুজব চাউর হয়েছে বলিউডে।
ফারহান আখতার আর কালকি কেচলিন নাকি প্রেম করছেন! এই তো কয়েক মাস আগেই অধুনার সাথে ফারহানের ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটল। আর পরিচালক অনুরাগ কাশ্যপের সাথে কালকির চার বছরের সংসার ভেঙেছে আরো আগে।
অর্থাৎ ফারহান আর কালকি দুজনেই এখন একা। তাই প্রেমের সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি।
তবে কালকি নয় ফারহানের বিচ্ছেদের কারণ নাকি ছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। ওয়াজির ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ফারহান-অদিতি।
তবে অদিতি নাকি এখন তাঁর পুরোনো প্রেমিক অরুনোদয় সিংয়ের সাথেই আবার মিটমাট করে নিয়েছেন। আর তাই সব মিলিয়ে ফারহানের জীবনে নতুন কারো উপস্থিতিই স্বাভাবিক ব্যাপার।
২০১১ সালে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির শুটিংয়ের সময় প্রথম দেখা হয় ফারহান আর কালকির। সেই ছবির পরিচালক ছিলেন ফারহানের বোন জোইয়া আখতার।
এরপর আর কোনো ছবিতে একসঙ্গে দেখা না গেলেও যোগাযোগ নাকি ছিল ফারহান-কালকির। কয়েক মাস ধরে তাঁদের ঘনিষ্ঠতা নাকি আরো বেড়েছে। তাই মিডিয়ার নজরে আছেন এখন দুজন।

ফাহিম ইবনে সারওয়ার