‘নীরজা’তে সোনমের সঙ্গে ছিলেন অর্জুন!
‘নীরজা’র জন্য প্রশংসায় ভাসছেন সোনম কাপুর। দর্শক, সমালোচক, এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বরাও বাদ যাচ্ছেন না এ তালিকায়। তবে সবাই এ ছবি দেখলেও সোনমের কাজিন অভিনেতা অর্জুন কাপুর দেখতে চান না ছবিটি। তবে তিনি নিজেই কিন্তু ছিলেন এই ছবির একটি অংশে। যদিও তা চট করে কারো চোখে ধরা পড়ার কথা নয়!
‘নীরজা’য় সোনম কাপুরের তথা ‘নীরজা ভানোট’-এর মায়ের চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি। ছবির একটি দৃশ্যে পারিবারিক অ্যালবামে তিনি নীরজার ছেলেবেলার কিছু ছবি দেখান। সেই ছবি ছিল সোনম ও অর্জুনের একেবারে শিশু বয়সের চমৎকার একটি ছবি।
সোনম কাপুর অর্জুনের চাচাতো বোন। দুজনের মধ্যে দারুণ খাতির ছোটবেলা থেকেই।
নীরজা ভানোটের জীবন নিয়ে গড়ে উঠেছে এই ছবি। সবাই জানেন, দুঃসাহসী তরুণী নীরজা ভানোট হাইজ্যাক হয়ে যাওয়া বিমানের যাত্রীদের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। সুতরাং এই ছবিতে সোনম কাপুর তথা তাঁর চরিত্রেরও একটি পর্যায়ে মৃত্যু ঘটবে। এমন দৃশ্য দেখতেই নারাজ অর্জুন। কারণ, প্রিয়জনদের হারানোর ভীষণ ভয় তাঁর মধ্যে কাজ করে। একটি ভিডিও আপলোড করে এ কথা জানিয়েছেন তিনি।


সামি আল মেহেদী