বাংলাদেশে পরমব্রতের ভাষা দিবস উদযাপন
‘আমি বাংলায় গান গাই..। এই প্রথম বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনে অংশগ্রহণ করলাম! নিজেকে সৌভাগ্যবান মনে করছি, তার সঙ্গে গর্বিত’ —আজ রোববার সকালে এই স্ট্যাটাস দিয়েছেন কলকাতার অভিনয়শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়।
শনিবার দিবাগত রাত ১২ টা ১ টা মিনিটে ‘ভুবন মাঝি’ ছবির পুরো ইউনিটের কলাকুশলী কুষ্টিয়া জেলার শহীদ মিনারে ফুল দিতে যান। বাংলাদেশের শহীদ মিনারে পরমব্রতের ফুল দেওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম। তাই তিনি ইউনিটের সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
ছবির আরেকজন অভিনেতা মাজনুন মিজান বলেন, ‘পরম দাদা আমাদের ধন্যবাদ জানিয়েছেন। আমরাও তাঁকে অভিনন্দন জানিয়েছি। আমরা রাতে আধা ঘণ্টার মতো শহীদ মিনারে ছিলাম। এরপর চলে এসেছি।’
পরমব্রত চট্টোপাধ্যায় ‘ভুবন মাঝি’ ছবির শুটিং করতে বাংলাদেশে এসেছেন এ মাসের শুরুতেই। ছবিটি সরকারি অনুদান নিয়ে নির্মাণ করছেন ফাখরুল আরেফিন। ছবিতে পরমের বিপরীতে নায়িকা হিসেবে আছেন অপর্ণা ঘোষ। চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত কুষ্টিয়ায় ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন পরমব্রত।

নাইস নূর