আবুধাবিতে জন-জ্যাকলিনের ‘ঢিশুম’
রোহিত ধাওয়ানের নতুন ছবি ‘ঢিশুম’-এর কাজ এখন পুরোদমে চলছে। ৩০টি ভিন্ন ভিন্ন লোকেশনে এই ছবির শুটিং হওয়ার কথা আছে। ছবির কলাকুশলীরা এখন আবুধাবি সরগরম করে তুলেছেন তাঁদের উপস্থিতিতে। এনডিটিভির খবরে জানা গেল, সময় ভালোই কাটছে তাঁদের আবুধাবিতে।
ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। তিনিই জানিয়েছেন আবুধাবিতে তাঁদের দিনযাপনের গল্প। ‘আবুধাবিতে দারুণ সময় কাটছে আমাদের। এখানকার চমৎকার কিছু লোকেশনে শুটিং করছি, আর সবকিছু একদম সহজেই স্ক্রিপ্টের সঙ্গে মিলে যাচ্ছে। আমরা এর আগেও অনেক জায়গা ঘুরে দেখেছি শুটিংয়ের জন্য’—বলেন সাজিদ।
জন আব্রাহাম টুইট করে জানিয়েছেন, আবুধাবির পরিবেশ উপভোগ করছেন তাঁরা। শুটিংও জমে উঠেছে বেশ। জ্যাকলিন ফার্নান্দেজের টুইটেও সেই একই সুর। তাঁদের সঙ্গে রয়েছেন ছবির আরেক নায়ক বরুণ ধাওয়ান। টুইট না করলেও ছবি তোলায় বরুণ একদম সবার আগে! সেটা জন বা জ্যাকলিন, যেই হোন না কেন—সেখানে দিব্যি দেখা যাচ্ছে বরুণকে।
এই ছবির সঙ্গে সঙ্গে দীর্ঘ পাঁচ বছর পর বড়পর্দায় ফিরে আসছেন অভিনেতা অক্ষয় খান্না। ২০১০ সালে ‘তিস মার খান’ ছবির পর তাঁকে আর সেভাবে দেখা যায়নি বড়পর্দায়। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে এখানে দেখা যাবে অক্ষয় কুমারকে।
এ বছরের ১৫ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সামি আল মেহেদী