ছেলেরা আমার ব্যাপারে আগ্রহ দেখাত না : সানি
নীল ছবির দুনিয়াতে তিনি ছিলেন নামিদামী তারকা। এখন সে জীবন নেহাতই অতীত, তবে সানি লিওনের জন্য সবার ‘গোপন আগ্রহ’ এখন প্রকাশ্য! তিনি যে এখন বলিউড তারকা। সাবেক ক্যারিয়ার ছেড়েছুড়ে বলিউডে নিজের মতো ক্যারিয়ার গড়ে নিয়েছেন বর্তমানে। অথচ একটা সময় ছিল যখন নাকি কোনো ছেলেই তাঁর বিষয়ে মোটেও আগ্রহ দেখাত না। এনডিটিভির খবরে জানা গেল, সানি নিজেই জানিয়েছেন তাঁর প্রতি ছেলেদের এই অনাগ্রহের কথা!
এও কী সম্ভব! যার প্রতি সবারই সবসময় আগ্রহ জারি রয়েছে, হোক সে গোপনে—তাঁর ব্যাপারে একসময় ছেলেদের কোনো আগ্রহই ছিল না? সানির কিন্তু ভাষ্য এমনই! আঠারো বছর পর্যন্ত তিনি ছিলেন একেবারে গম্ভীর আর পড়ুয়া টাইপ এক মানুষ। “কলেজে আমি বেশ ভালো ছাত্রী ছিলাম। আর তার আগে ছিলাম একেবারেই সাধারণ পর্যায়ের। আমার ব্যবসা সংক্রান্ত খটমটে সব জিনিসের প্রতি আগ্রহ ছিল ভীষণ রকম। আরো এমন সব জিনিসপত্র নিয়ে আমি মেতে থাকতাম যেগুলো আর সবার কাছে একেবারেই একঘেয়ে আর বিরক্তিকর। সোজা কথায়, টিনেজ বয়সে আমি ছিলাম ‘নার্ড’ টাইপের, আর এজন্য ছেলেরা আমার প্রতি আগ্রহই দেখাত না।” এভাবেই নিজের অতীত সম্পর্কে জানান সানি লিওন।
‘ইয়ার মেরা সুপারস্টার’ অনুষ্ঠানে নিজের ফেলে আসা সময় নিয়ে স্মৃতিচারণা করেন সানি। নতুন ছবি ‘মাস্তিজাদে’র প্রচারণার জন্য এখন বিভিন্ন ইভেন্ট আর টেলিভিশন অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত হচ্ছেন এই তারকা।

সামি আল মেহেদী