রণবীর ‘বাজিরাও’ সিং
‘কে বলল দীপিকাকে নিয়ে কবিতা লিখিনি’?
‘ছোটবেলায় পারকাশনিস্ট হতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্যের ফেরে হয়ে গেলাম অভিনেতা। অভিনেতা হয়ে আজ মোটেই মন্দ লাগছে না।’ সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এভাবে খোলামেলাভাবে নিজেকে মেলে ধরে ব্যক্তিগত অনেক কথা জানালেন বলিউড অভিনেতা রণবীর সিং। দীপিকাকে নিয়েও তাঁর কথা আগের মতোই ছটফটে আর সাড়াজাগানো, ‘বাজিরাও মাস্তানি’র তাতে যেন ধার আরেকটু বেড়েছে!
রণবীর কথা বলেছেন গানবাজনার সঙ্গে নিজের সম্পর্কের কথা। ‘আমি বরাবরই গান-বাজনা ভালোবাসতাম। গান-বাজনার প্রতি টান আমার খুব ছোট বয়স থেকেই। ছোটবেলায় টানা সাত বছর তবলাও শিখেছিলাম। এমনো হয়েছে একটা সময় প্রতি রোববার আমি নিয়ম করে মুম্বাইয়ের গুরুদ্বারে তবলা বাজাতাম। এখন অবশ্য চর্চার অভাবে তবলা বাজানো কিছুটা ভুলে গিয়েছি। আজ অভিনয়জগতের একজন হয়ে পড়েছি।’
তবে আমার স্বপ্নে রয়েছেন উডি অ্যালেন, ক্লিন্ট ইস্টউড, গুরু দত্ত, রাজ কাপুর, চার্লি চাপলিনরা। আগামী দিনে ওঁদের মতো হতে চাই আমি। ওঁদের দেখেই আমি আরো বেশি করে অভিনয়ের প্রতি অনুপ্রাণিত হয়েছি।
‘বাজিরাও মাস্তানি’ তাঁর ক্যারিয়ারের আট নম্বর হিন্দি ছবি। হিন্দি ছবির ক্যারিয়ারে নিজেকে একটা ভালো জায়গায় দেখার স্বপ্ন রাখেন। বললেন, ‘গত পাঁচ বছরে আমি ভালো প্রোডাকশন হাউসের চোখে পড়ার মতো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছি। এখন আমার একটাই লক্ষ্য, হিন্দি ছবিতেই নিজেকে আরো উচ্চতায় দেখতে পাওয়া। আপাতত ওয়েস্টার্ন ফিল্ম কিংবা কোনো আঞ্চলিক ছবিতে কাজ করার ইচ্ছে এই মুহূর্তে আমার নেই। শুধুমাত্র হিন্দি ছবিতেই মনোযোগ দিতে চাই। আমি মনে করি, আমার এখনো অনেক কিছুই করার বাকি আছে হিন্দি ছবিতে।’
অভিনয়জগতে পা দেওয়ার পর থেকে বরাবরই ছবিতে চরিত্রের মধ্যে মিশে গিয়ে অভিনয় করতে ভালোবাসেন রণবীর সিং। ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে অভিনয় করতে গিয়ে একটানা তিন সপ্তাহ ধরে এক মারাঠি টিচারের কাছে মারাঠি কথা বলা রপ্ত করেছেন তিনি। এ নিয়ে বললেন, ‘চরিত্রের প্রয়োজন অনুযায়ী ভয়েস, অ্যাকসেন্ট, চলাফেরা, ফিজিক্যাল ট্রেনিং সমস্ত কিছুর জন্যই সব সময় প্রস্তুত থাকি আমি। চরিত্রকে ফুটিয়ে তোলার তাগিদে অভিনয়ের হান্ড্রেড পার্সেন্ট দিতে রাজি আমি। অভিনয়ে কোনো ফাঁকি চলে বলে আমি বিশ্বাস করি না।’
এরপরই চলে আসে দীপিকা প্রসঙ্গ, আর সেটি এড়ানোর দিকেও তিনি নেই। জানা গেছে, অভিনয়ের পাশাপাশি গান-বাজনা, আঁকাআঁকি আর কবিতা লিখতেও নাকি ভালোবাসেন রণবীর। বলিউডে কান পাতলে শোনা যায়, রণবীর সিং নাকি অভিনেত্রী দীপিকাকে নিয়ে কবিতাও লিখে ফেলেছিলেন! যদিও সেসব ব্যক্তিগত ব্যাপারস্যাপার সটান অস্বীকার করে গিয়েছেন অভিনেত্রী দীপিকা। কিন্তু রণবীর গুঞ্জনকে পাশ কাটিয়ে যেতে নারাজ। ‘কে বলল দীপিকাকে নিয়ে কবিতা লিখিনি? এমনও তো হতে পারে যে, দীপিকা সবার সামনে ব্যাপারটা স্বীকার করে সবকিছু ফাঁস করে দিতে চায় না!’

মনোজ বসু, কলকাতা