বলিউড ২০১৫
ব্যবসাসফল ১০ ছবি
শেষ হলো আরো একটি বছর। আগামীকাল থেকেই নতুন বছর, বক্স অফিসের হিসাব নতুন করে কষতে বসবেন বলিউড বোদ্ধারা। সারা বছরে একাই বলিউড বাজারের সবচেয়ে বড় তারকা ছিলেন সালমান খান, শীর্ষে তিনিই। হিসাব আটকে ছিল কেবল ১৮ ডিসেম্বরের জন্য, কারণ সেদিন মুক্তি পেয়েছে ‘দিলওয়ালে’ ও ‘বাজিরাও মাস্তানি’র মতো বড় দুটি ছবি। বছর পেরিয়েও ব্যবসা চলবে এগুলোর, তবে এতে ঘরোয়া বাজারে অবস্থানে বিশেষ পরিবর্তন আসার সম্ভাবনা কম। এক নজরে দেখে নিতে পারেন এ বছর বলিউডের সবচেয়ে ব্যবসাসফল ছবিগুলো। বলে রাখা ভালো, কেবল ডোমেস্টিক বক্স অফিসের আয়টিই এখানে উল্লেখ করা হয়েছে-

১০. গব্বর ইজ ব্যাক
অক্ষয় কুমারের এই অ্যাকশনধর্মী ছবিটি ভালো সাফল্য পেয়েছে বক্স অফিসে। খুব বেশি বিনিয়োগ না হলেও পয়লা মে মুক্তি পাওয়া এই ছবি আয় করেছে ৮৬ কোটি রুপি। অক্ষয় ছাড়া এ ছবিতে ছিলেন শ্রুতি হাসান, কারিনা কাপুর ও চিত্রাঙ্গদা সিং।

৯. সিং ইজ ব্লিং
এখানেও অক্ষয় কুমার। ২ অক্টোবর মুক্তি পেয়েছিল ছবিটি। অ্যামি জ্যাকসন সাফল্যের সাথে প্রত্যাবর্তন করেছেন বলিউডে এই ছবি দিয়ে। ছবির আয় ৯০ কোটি রুপি।

৮. ওয়েলকাম ব্যাক
১৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই তারকাবহুল ছবিটি আয় করেছে প্রায় ৯৫ কোটি রুপি। অক্ষয় ছিলেন এই ছবিতেও, সাথে ছিলেন অনিল কাপুর, নানা পাটেকর, জন আব্রাহাম, শ্রুতি হাসান, নাসিরুদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়ার মতো তারকারা।

৭. বেবি
বছরের শুরুতেই এই ছবির মাধ্যমে সাফল্য পেয়েছিলেন অক্ষয়। ২৩ জানুয়ারি মুক্তি পাওয়া এই ছবি আয় করেছিল প্রায় ৯৬ কোটি রুপি। এতে আরো ছিলেন তাপসী পানু, রানা দগ্গুবাতি এবং অনপুম খের।

৬. এবিসিডি ২
নাচপ্রধান এই ছবি মুক্তি পেয়েছিল ১৯ জুন। আয় করেছে প্রায় ১০৬ কোটি রুপি। এতে প্রধান ভূমিকায় ছিলেন বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুর।

৫. দিলওয়ালে
দর্শকনন্দিত না হলেও আয়ের দৌড়ে এখনো পাল্লা দিয়ে চলছে ‘দিলওয়ালে’। ছবির আয় এখন পর্যন্ত ১৩২ কোটি রুপি। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান ও কৃতি সানন।

৪. বাজিরাও মাস্তানি
বহুল প্রতীক্ষিত ছবিটির এখন পর্যন্ত আয় ১৩৬ কোটি রুপি, আন্দাজ করা হচ্ছে প্রায় পৌনে দুই কোটি রুপির দিকে গিয়ে ঠেকবে আয়। এতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া।

৩. তনু ওয়েডস মনু রিটার্নস
এক হিসেবে বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি বলা যায় একে, কারণ সামান্য বিনিয়োগে বিশাল মুনাফা এবং বিপুল মুনাফা। কঙ্গনা রানাউত এবং মাধবন অভিনীত এই ছবি মুক্তি পেয়েছিল ২২ মে, আয় করেছে দেড়শো কোটি রুপিরও বেশি।

২. প্রেম রতন ধান পায়ো
১২ নভেম্বর মুক্তি পেয়েছিল সালমান খানের এই ছবি। এতে আরো অভিনয় করেছেন সোনম কাপুর, নীল নিতিন মুকেশ ও অনুপম খের। ছবির আয় ২০৫ কোটি রুপি।

১. বজরঙ্গি ভাইজান
বছরসেরা কেবল আয়েই নয়, প্রশংসাও পেয়েছে সালমানের এই ছবি। শিশুশিল্পী হর্ষালি মালহোত্রার দারুণ উপস্থিতি এই ছবিকে দিয়েছে ভিন্ন মাত্রা, এ ছাড়া ছিলেন কারিনা কাপুর। ১৭ জুলাই মুক্তি পাওয়া এই ছবি আয় করেছে ৩২১ কোটি রুপি।

সামি আল মেহেদী