সানি-প্রিয়াঙ্কা, এ কেমন বন্ধুত্ব!
ক’দিন আগের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঘটনা। ফটোগ্রাফাররা ব্যস্ত, তারকাদের ছবি তুলে চলছেন সুযোগমতো। হঠাৎই তাঁদের নজরে পড়ল, সানি লিওন এবং প্রিয়াঙ্কা চোপড়া দাঁড়িয়ে পাশাপাশি! হাস্যোজ্জ্বল দুজনেই। কিন্তু শাটারে ক্লিক করতে গিয়েই শুনলেন প্রিয়াঙ্কার স্বর, ‘ওর সাথে আমার ছবি তুলবেন না!’ মানেটা কী, সানির অতীত ক্যারিয়ার নিয়ে কি প্রিয়াঙ্কাও বিব্রত? তবে শেষ পর্যন্ত ছবি তুলেছিলেন দুজনেই। এ নিয়ে কথাবার্তাও হয়েছে বেশ কয়েকদিন।
টু্ইটারে এক আলাপচারিতায় দুজনেই বিষয়টিকে ঘুরিয়ে দিয়েছেন। তবে সে যাই হোক, সানি-প্রিয়াঙ্কার মাঝে বন্ধুত্বের সম্পর্ক নেহাত মন্দ নয় বলেই প্রকাশ করছে এই আলাপচারিতা।
প্রিয়াঙ্কা চোপড়া টুইট করেছেন, ‘সানির সাথে ছবি তুলতে চাচ্ছিলাম না। কারণ ওকে আমার চেয়ে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল, একেবারে দুর্দান্ত! এ বিষয়গুলো শুধু শুধু এ রকম করে রং চড়ানো হয়।’
এমন কথা হলে সানি কি আর উত্তর না দিয়ে পারেন! চটজলদি টুইট করেছেন বলিউডের ‘বেবি ডল’, সানি। ‘আমিও কিন্তু তোমার ব্যাপারে একই রকম ভাবি। আমার তো মনে হয় ওরা চাচ্ছিল শুধু তোমার সাথে ছবি তুলতে, হাহাহা!’
দুজনের বন্ধুত্ব নিয়ে একটু ‘কিন্তু’ তাও থেকেই যায়! এ কী গোলযোগ ধামাচাপা দেওয়া, নাকি বন্ধুত্ব নিয়ে বেশি গল্পগুজব না হয়- সে জন্য লোক দেখানো টুইট? সে হিসেব পরে, আপাতত কাজকে ছুটি দিয়ে বছরের শুরুর দিকেই বেড়াতে যাবেন প্রিয়াংকা। সানির অপেক্ষা ‘মাস্তিজাদে’ ছবিটির মুক্তির জন্য।

শাশ্বতী মাথিন