আবার তৈরি হচ্ছে ‘ডর’!
‘তু হাঁ কর ইয়া না কর, তু হ্যায় মেরি কিরন’—নব্বইয়ের দশকের জনপ্রিয় এই গানটি এখনো অনেকের মুখে মুখে বেঁচে রয়েছে। জুহি চাওলা, সানি দেওল ও শাহরুখ খানের ‘ডর’ ছবিটি বলিউডের কাল্ট থ্রিলারে মর্যাদা পেয়েছে। খল চরিত্রে শাহরুখের অনবদ্য অভিনয় ছবিটিকে দারুণ আলোচনায় এনে দিয়েছিল। ফিল্মফেয়ারের খবরে জানা গেল, আবারো নতুন করে তৈরি হতে যাচ্ছে ছবিটি।
মূল চরিত্রে জুহি চাওলার রিপ্লেসমেন্ট হতে যাচ্ছেন প্রিয়া ব্যানার্জি। সঞ্জয় গুপ্তর ‘জ্যযবা’ ছবিতে দারুণ অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। ‘ডর’ রিমেকে স্থানও পেলেন এরই পুরস্কার হিসেবে। প্রিয়ার বিপরীতে থাকবেন করণবীর ভোরা, শাহরুখের সেই ‘পাগল প্রেমিক’ চরিত্রে যে তিনিই অভিনয় করবেন! অবশ্য সানি দেওলের চরিত্রে কে অভিনয় করছেন, তা এখনো জানা যায়নি।
ছবির কাহিনী ও সংলাপ মূল ছবিটির মতই থাকবে; রদবদল হবে না একটুও। প্রি-প্রোডাকশনের কাজও এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে ছবিটি কোন ব্যানারে বা কার পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে, সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা হয়নি। মোটামুটি কিছুদিন পেরোলেই পুরো দল ৩০ দিনের শিডিউলে মানালির উদ্দেশে উড়াল দেবে।
‘ডর’ ছবিতে মানসিকভাবে বিকারগ্রস্ত এক যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ, যে কি না পছন্দের মেয়েটিকে পাওয়ার উন্মাদনায় মেয়েটির প্রেমিককে খুন করতে উদ্যত হয়; এমনকি তারা পালিয়ে যাওয়ার পরও তাদের ধাওয়া করে সুইজারল্যান্ড পর্যন্ত। ১৯৯৩ সালের এই বিখ্যাত থ্রিলার ছবিটির নির্মাতা ছিলেন যশ চোপড়া।

সামি আল মেহেদী