বলিউড তারকারা কোথায় বেড়াতে যান?
সদাব্যস্ত বলিউডে তারকারা ঘোরাফেরা করার ফুরসত পান না বললেই চলে। শুটিংয়ের কাজে দেশ-বিদেশ ঘুরে বেড়ান বটে, তবে তাতে নিজের মতো করে অবসর বা ছুটি উপভোগের সময় মেলে না। কাজের গণ্ডি ছাড়িয়ে কয়েকদিনের জন্য হলেও অবসর কাটান তাঁরাও, আর তখন উড়াল দেন নিজেদের পছন্দসই স্থানে। পছন্দের সঙ্গে সঙ্গে পরবর্তী সময়ে কোথায় যেতে চান, তারও হিসাব করে রাখেন কেউ কেউ। ইন্ডিয়া টাইমসে বলিউডের এ সময়ের জনপ্রিয় সাত তারকা নিজ মুখেই জানিয়েছেন তাঁদের প্রিয় ছুটির গন্তব্যের হদিস।
১. সোনম কাপুর
নিউজিল্যান্ড আর এডিনবার্গ আমার প্রিয় শুটিং লোকেশন। তবে আমাকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে ওখানে ছুটি কাটাতেই যাব। আমার বেড়াতে যাওয়ার তালিকায় এরপর রয়েছে জাপান আর আফ্রিকা।
২. সানি লিওন
আমি মালদ্বীপ গিয়ে স্কুবা-ডাইভিং করতে চাই। আমি ওখানকার দারুণ পানি আর সৌন্দর্যের কথা শুনেছি। ওখানকার ব্যানানা রিফের কথাও শুনেছি। ওখানে আরো মজার কিছু খেলাধুলা যেমন উইন্ডসার্ফিং, কায়াকিং- এসব হয়। ওখানে গেলে সমুদ্রে দারুণ মজা করা যাবে।
৩. শারমান জোশি
পরিবারের সবাইকে নিয়ে ইস্তাম্বুল যেতে ভালো লাগবে। বই আর টিভিতে যা পড়েছি, দেখেছি- সেখান থেকে মনে হয় এটা তুরস্কের সবচেয়ে সুন্দর একটা শহর। আর এখানে এশিয়া এবং ইউরোপের দারুণ একটা মিশ্রণ টের পাওয়া যাবে। ওখানে খুব ভালো লাগবে, রাস্তার পাশে ক্যাফেতে বসে আপেলের চা খাব। নীল মসজিদ (ব্লু মস্ক) অবশ্যই দেখতে হবে, এটা মাথায় রেখেছি, ফেরার সময় অনেক অনেক ছবি তুলে আনব।
৪. অর্জুন কাপুর
আমি কখনো স্পেনে যাইনি। আমি ওখানে যেতে চাই, এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখতে চাই। সঙ্গে আমার ফুটবল-পাগল বন্ধুবান্ধবদেরও নিয়ে যেতে চাই, ওরাও সঙ্গে থাকলে বেশ জমজমাট হবে ব্যাপারটা।
৫. সালমান খান
দুনিয়ার যেকোনো জায়গাতেই যেতে পারি, চাইলে- প্যারিস, নিউইয়র্ক কিংবা লন্ডন! তবে আমি সব সময়ই যে দারুণ সুন্দর জায়গাটায় যেতে চাই তা হলো কারজাট। ওখানে গেলে আমি আপনমনে সাইকেল চালাতে পারি, ক্রিকেট খেলতে পারি, নিজের মতো করে চলতে ফিরতে পারি।
৬. জেরিন খান
বেড়াতে যাওয়ার জন্য গ্রিস আমার ড্রিম ডেস্টিনেশন! প্রাচীন সভ্যতা আর সংস্কৃতির বিশাল একটা জায়গা। এথেন্স আর ডেলফির অ্যাক্রোপলিস দেখার জন্য আমি অধীর অপেক্ষা করছি। আগামী বছর সময়-সুযোগ করে একটা ছুটির জন্য আমি পরিকল্পনা করেছি। সান্তোরিনি আর মাইকোনোসে সানবাথ করতে যে কী দারুণ লাগবে, ভাবতেই আমার রোমাঞ্চ হয়!
৭. ডিনো মোরিয়া
আমি ক্রোয়েশিয়া যেতে চাই। জায়গাটা খুবই সুন্দর বলে শুনেছি। ওখানে বন্ধুবান্ধব নিয়ে যাব, আর একটা ইয়ট ভাড়া করে সমুদ্রে ঘুরে বেড়াব। ওখানকার নীল সমুদ্র স্বপ্নের মতো, অনেক পর্যটক সেখানে যায়, যেতে পারলে আমার অনেকদিনের স্বপ্ন পূরণ হবে।

সামি আল মেহেদী