মালয়লাম ছবিতে ফিরছেন মনীষা কৈরালা
নব্বইয়ের দশকে বলিউডে যাত্রা শুরু করেছিলেন নেপালি সুন্দরী মনীষা কৈরালা। ‘বোম্বে’, ‘একেলা হাম একেলে তুম’, ‘দিল সে’, ‘মান’—এসব ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয় জয় করে নেন মনীষা। হিন্দি ছবির পাশাপাশি নেপালি, মালয়লাম, তামিল ও তেলেগু ছবিতেও সমানতালে অভিনয় করেন তিনি।
তবে দীর্ঘ ক্যারিয়ারে হঠাৎ করেই ছন্দপতন ঘটে তাঁর। বলিউডের গ্ল্যামারার্স জগৎ থেকে ছিটকে পড়েন মনীষা। ২০০২ সালে মুক্তি পায় তাঁর ছবি ‘এক ছোটি সি লাভ স্টোরি’। খোলামেলা অভিনয়ের জন্য সে সময়ে সমালোচিত হন মনীষা। ছবিটি আলোচনা সৃষ্টি করলেও ব্যবসা করতে পারেনি। এরপর বলিউড থেকে আরো দূরে সরে যান তিনি। একসময় আক্রান্ত হন ক্যানসারে।
এবার আবারো মালয়লাম ছবির মাধ্যমে অভিনয়ে ফিরছেন মনীষা। লেনিন রাজেন্দ্রন পরিচালিত ‘এদাভাপ্পাথায়’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
গত সপ্তাহে হিন্দুস্তান টাইমসকে মনীষা বলেন, ‘আমি এ ধরনের ছবিতে কাজ করতে পছন্দ করি, যাতে কয়েকটি সময়ের ঘটনাপ্রবাহ দেখানো হয় এবং একটা শৈল্পিক ছোঁয়া থাকে।’
পরিচালক রাজেন্দ্রন জানিয়েছেন, সামনের জানুয়ারিতে ছবি মুক্তি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন তাঁরা। ছবির গল্প সম্পর্কে পরিচালক বলেন, ‘এখানে কয়েকজন তিব্বতীয়র গল্প বলা হয়েছে, যাঁরা নিজেদের মাতৃভূমিতে ফেরার জন্য উদগ্রীব। বেশির ভাগ দৃশ্যের শুটিং করা হয়েছে কর্ণাটকের বাইলাকুপ্পেতে।’
মনীষা কৈরালা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা সিদ্ধার্থ লামা।

ফিচার ডেস্ক