মিস্টার ইন্ডিয়ার সিক্যুয়ালে থাকতে পারেন অনিল-শ্রীদেবী
‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান অনিল কাপুর। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন শ্রীদেবী। এবার মিস্টার ইন্ডিয়া ছবির সিক্যুয়াল তৈরির ঘোষণা দিয়েছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। এই বনি কাপুর আবার অনিলের ভাই এবং শ্রীদেবীর স্বামী।
১৯৮৭ সালে মুক্তি পাওয়া ছবিটিও প্রযোজনা করেছিলেন বনি কাপুর। সেটি লিখেছিলেন বিখ্যাত চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদ। আর পরিচালনার দায়িত্বে ছিলেন শেখর কাপুর।
মিস্টার ইন্ডিয়ার রিমেকে কাদের নেওয়া যায় সে বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই। এর মধ্যে লেখক জাভেদ আখতার বলছেন, অনিল-শ্রীদেবী জুটিই এই চরিত্রের জন্য উপযুক্ত। কারণ তাদের বয়স নাকি এখনো তেমন বোঝা যায় না। গল্পের সঙ্গে ভালোভাবেই মানিয়ে যাবেন তাঁরা। এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
১৭তম জিও মামি ফিল্ম ফেস্টিভালে সাংবাদিকদের সঙ্গে আলাপে জাভেদ আখতার বলেন, ‘ছবিটি মুক্তির ২৮ বছর পার হলেও অনিল কাপুর বা শ্রীদেবীর বয়স বাড়েনি। বনি কাপুর যখন সিক্যুয়াল নির্মাণের কথা ভাবছেন, আমার মনে হয় তাঁরাই নিজেদের চরিত্রে অভিনয় করতে পারেন।’
একই আয়োজনে প্রযোজক বনি কাপুরও নিশ্চিত করেন মিস্টার ইন্ডিয়া ছবির সিক্যুয়ালের কাজ শুরু হবে। তিনি বলেন, ‘আমরা অবশ্যই সিক্যুয়ালটি তৈরি করব। মিস্টার ইন্ডিয়াভক্তরা এই খবরে তাঁদের উচ্ছ্বাসের কথা আমাদের জানিয়েছেন। খুব শিগগির আমরা ছবিটির কাজ শুরু করব।’

ফিচার ডেস্ক