বিদ্যুৎ যমওয়ালের ‘পাইয়া’ চমক!
জন আব্রাহামের ‘ফোর্স’ ছবিটি অভিষেকে যেন নিজেরই করে নিয়েছিলেন চমক-দেখানো এক যুবক। দুর্দান্ত পেটানো শরীর আর স্টান্টবাজিতে বলিউডকে চমকে দেওয়া এই যুবকের নাম বিদ্যুৎ যমওয়াল। খলনায়ক হিসেবে অভিনয় করে অভিষেকেই দারুণ নামডাক করে ফেলেছিলেন। তার পর ‘কমান্ডো’, ‘বুলেট রাজা’র মতো কয়েকটি ছবিতে অভিনয় করলেও তেমন আলোচনায় ছিলেন না। তবে অপেক্ষার পালা হয়তো ফুরোচ্ছে। আবারো নিজের আসল রূপে ফেরার সুযোগ মিলছে বিদ্যুতের। এনডিটিভির খবরে জানা গেল, তামিল ছবি ‘পাইয়া’র হিন্দি রিমেকে সুযোগ পেয়েছেন তিনি।
‘পাইয়া’র হিন্দি সংস্করণটিও নির্মাণ করছেন মূল ছবির পরিচালক এন লিঙ্গাস্বামী। এই ছবি নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে তাঁর বলিউড-অভিষেক হতে যাচ্ছে। ২০১০ সালের ছবিটিতে অভিনয় করেছিলেন কার্থি শিবকুমার ও তামান্না ভাটিয়া।
এন লিঙ্গাস্বামীর সঙ্গে এটি বিদ্যুতের প্রথম কাজ নয় অবশ্য। এই পরিচালকের অ্যাকশন ছবি ‘অঞ্জন’-এ তিনি অভিনয় করেছেন একটি বিশেষ চরিত্রে, ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা সুরিয়া। বিদ্যুতের এক মুখপাত্র এ বিষয়ে বলেন, ‘এর আগেও ওরা দুজন একসঙ্গে কাজ করেছে। কাজেই নতুন কোনো কাজের জন্য সিদ্ধান্ত নেওয়া ছিল খুবই সহজ।’
ছবির স্ক্রিপ্ট এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া নায়িকা কে হবেন, তা-ও এখনো চূড়ান্ত নয়। তবে নির্মাতাদের পক্ষ থেকে জানা গেছে, মূল স্ক্রিপ্ট থেকে বলিউডের উপযোগী করে নতুন স্ক্রিপ্ট তৈরি করা হবে। এ ছাড়া বিদ্যুতের জন্য উপযোগী করে ছবিতে বাড়তি এবং অভিনব কিছু অ্যাকশন দৃশ্য সংযোজন করা হবে।
‘পাইয়া’র কাহিনী এমন, দুই তরুণ-তরুণীর পথে দেখা হয়। মেয়েটিকে মুম্বাইয়ে পৌঁছে দেওয়ার অনুরোধ ফেলতে পারে না ছেলেটি। এই চলার লম্বা পথেই মেয়েটির প্রেমে পড়ে যায় উড়নচণ্ডী, স্বাধীনচেতা ছেলেটি। এদিকে তারা টেরই পায় না যে তাদের পিছু নিয়েছে একদল সন্ত্রাসী, যাদের পরিকল্পনা মেয়েটিকে অপহরণ করার!
এ বছরের শেষ দিকে অবশ্য বিদ্যুতের নতুন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে বলিউডে। ‘ইয়ারা’ নামের এই ছবিতে বিদ্যুতের বিপরীতে রয়েছেন শ্রুতি হাসান।

সামি আল মেহেদী