বাবাকে নিয়ে বাড়ি খুঁজছেন আনুশকা-বিরাট
আর দশটা বলিউডি সম্পর্কের মতো কখনোই তারা এভাবে বলেননি, ‘আমরা কেবলই ভালো বন্ধু’! সাহসী অভিনেত্রী আনুশকা শর্মা যেমন স্পষ্ট ছিলেন, ড্যাশিং স্পোর্টসম্যান বিরাট কোহলিও একবারও এড়িয়ে যাননি সম্পর্কের বিষয়টি। এই সম্পর্ককে হয় তো আরো সামনের দিকে এগিয়ে নিতে চাচ্ছেন আলোচিত এই যুগল। ফিল্মফেয়ারের খবরে জানা গেল, আনুশকার বাবার সঙ্গে বিরাট ও আনুশকা দুজনে মিলে বাড়ি খুঁজছেন উরলি এলাকায়।
ক্লিয়ার শ্যাম্পুর বিজ্ঞাপনে কাজ করতে গিয়েই সম্পর্ক গাঢ় হয় দুজনের। তারপর মিডিয়ার উৎসুক নজর, জিজ্ঞাসা আর প্রশ্নের উত্তরে পিছপা না হয়ে প্রথম বোমা ফাটান আনুশকাই-‘ইয়েস, আয়্যাম ডেটিং বিরাট’! তার পর থেকে নিজেদের সম্পর্ক নিয়ে সব সময় স্পষ্ট ভাষাতেই কথা বলে গেছেন দুজনে। মাঝে বিরাটের পারফরম্যান্স নিয়ে আনুশকাকে আক্রমণ করেছেন অনেকেই, সেটা কি সামাজিক মাধ্যমে, কি প্রকাশ্যে। তা নিয়ে আলাপ-আলোচনা-সমালোচনা কম হয়নি। তবে কোনো কিছুতেই বিন্দুমাত্র প্রভাব পড়েনি দুজনের বোঝাপড়ায়, তা বেশ ভালোই বুঝিয়ে দিয়েছেন দুজনে।
আনুশকা আপাতত নিজের অভিনয় আর প্রযোজনার কাজ নিয়ে বেশ ব্যস্ত আছেন। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে শতক হাঁকিয়ে বিরাট কোহলিও বেশ চাঙ্গা। দেখা যাক, দুজনের গল্পটা কীভাবে এগিয়ে যায়! রীতিমতো বাবাকে সঙ্গে নিয়ে যখন আনুশকা বাড়ি খুঁজছেন, সম্পর্কের গতিপথ ভালো দিকে গড়াচ্ছে বলেই মনে করে নিতে পারেন ভক্তরা।

সামি আল মেহেদী