প্রথম ছবিতেই কপিলের তিন স্ত্রী!
‘কমেডি সার্কাস’ খ্যাত কপিল শর্মার বলিউড অভিষেক হলো গতকাল। ছবির নাম ‘কিস কিসকো পেয়ার করুঁ’। কপিল শর্মার ছবি যখন, তাতে হাস্যরসের ছড়াছড়ি থাকবে—এ নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহের অবকাশ নেই। তার ওপর এ ছবিতে কপিল শর্মার স্ত্রী তিনজন। এনডিটিভির খবরে পাওয়া গেল ছবির বিস্তারিত কাহিনী।
ছবিতে কপিল শর্মা একই সঙ্গে শিব, রাম ও কিষাণ—এই তিন নামের চরিত্রে অভিনয়ে করেছেন। যদিও লোক আসলে তিনি একজনই। তিন নামে সংসার করেন তিন স্ত্রীর সঙ্গে। এই তিনজন আবার একই ভবনে থাকেন। কাজেই এ কথা তো বোঝাই যাচ্ছে যে প্রত্যেকের সঙ্গে প্রতারণা করছেন। আর তিন স্ত্রী সামলাতে গিয়ে কপিলের দশাও যে জেরবার, তা কী বলতে হয়! একেই তিন স্ত্রীর সমস্যা, তার ওপর পুরো বিষয়টি আরো জটিল আর পেঁচালো হয়ে ওঠে, যখন কপিল একজন প্রেমিকাও জুটিয়ে ফেলেন! তিন স্ত্রীর বাইরে কপিলের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন এলি আভরাম।
ছবি মুক্তির আগে স্বাভাবিকভাবেই প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন কপিল। এমনই একটি অনুষ্ঠানে আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাস্তবধর্মী এবং সিরিয়াস বিষয় নিয়ে তৈরি হওয়া ছবি এখন অনেক আছে এবং হচ্ছে। সামাজিক বিষয় নিয়েও ছবি হচ্ছে। তবে আজকের দিন সবাই একটু হাসতে চায়। যখন আপনি কমেডি ছবি দেখতে যাবেন, গ্যারান্টি দেওয়া যায় যে আপনি অবশ্যই ছবি দেখে একটু হলেও হাসবেন। আমার মনে হয়, মানুষ সব সময়ই কমেডি ছবির জন্য অপেক্ষা করে।’
‘কিস কিসকো পেয়ার করুঁ’ ছবিটি পরিচালনা করেছেন আব্বাস-মাস্তান পরিচালক জুটি। কপিল ও এলি ছাড়াও এ ছবিতে কপিলের তিন স্ত্রীর চরিত্রে রয়েছেন মঞ্জরি ফরনিস, সিমরান কৌর মুন্দি ও সাই লোকারওয়ার্দস।

সামি আল মেহেদী