আসছে গ্যাংস অব ওয়াসিপুর ৩
২০১২ সালের ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর’। পরিচালক অনুরাগ কাশ্যপ। তাঁর সবশেষ ছবি ‘বোম্বে ভেলভেট’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর এবার তিনি নিয়ে আসছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর ৩’। ছবির স্ক্রিপ্ট লেখার কাজ শুরু করে দিয়েছেন আগের দুই কিস্তির অন্যতম চিত্রনাট্যকার জিশান কাদরি। এ খবর জানিয়েছে মিড ডে।
জিশান শুধু লেখার কাজটাই করেননি দ্বিতীয় কিস্তিতে ‘ডেফিনিট’-এর ভূমিকায় অভিনয়ও করেন তিনি। গ্যাংস অব ওয়াসিপুরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় চরিত্র ডেফিনিট।
১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে জিশান কাদরি পরিচালিত প্রথম ছবি ‘মিরুথিয়া গ্যাংস্টার্স’। এই ছবির প্রচারণার কাজে আপাতত ব্যস্ত সময় কাটাচ্ছেন লেখক-পরিচালক জিশান।
এদিকে জিশানের নতুন ছবির প্রশংসা করেছেন গুরু অনুরাগ। অনুরাগ বলেছেন, ‘আমার নিজের ছায়া আমি দেখতে পাই জিশানের মধ্যে। সিনেমা নিয়ে সেই পাগলামি যেটা ওর বয়সে আমার মধ্যে ছিল। কিন্তু আমার চেয়ে ওর পাগলামি আর সাহস চার গুণ বেশি। সিনেমা নিয়ে ওর কোনো ডিগ্রি নেই কিন্তু শেখার আগ্রহটা আছে। মিরুথিয়া গ্যাংস্টার্স দেখলেই আপনারা বুঝবেন গ্যাংস অব ওয়াসিপুরের অদ্ভুত চরিত্রগুলো কোথা থেকে এবং কীভাবে এসেছে!’
‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মূল উদ্যোক্তাও জিশান কাদরি। এই গল্প নিয়ে কাজ করার জন্য বারবার অনুরাগকে যিনি বিরক্ত করেছেন তিনি জিশান কাদরি। এমনকি গ্যাংস অব ওয়াসিপুরের গল্প থেকে শুরু করে গবেষণা এবং সংলাপ সবকিছুর সাথে শুরু থেকেই ছিলেন জিশান।
অনুরাগ কাশ্যপের প্রশংসা শুনে ৩১ বছর বয়সী জিশান বলেছেন, ‘এটা খুবই আনন্দের যখন আপনার গুরু আপনার কাজের প্রশংসা করেন এবং আমি আজকে যেখানে এসেছি এর পুরোটাই অনুরাগ স্যারের নির্দেশনা এবং উৎসাহের কারণে। এবং আমরা খুব শিগগিরই গ্যাংস অফ ওয়াসিপুর ৩-এর কাজ শুরু করতে যাচ্ছি’।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই ‘গ্যাংস অফ ওয়াসিপুর ৩’ এর শুটিং শুরু হবে। অনুরাগ চাইছেন এবারের ছবিটি জিশানই পরিচালনা করুক। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি।

ফাহিম ইবনে সারওয়ার