অকালে আদেশ শ্রীবাস্তবের চিরবিদায়
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক আদেশ শ্রীবাস্তব সব সময়ই তাঁর খেলোয়াড়ি মানসিকতা এবং উপস্থিতির জন্য সুপরিচিত ছিলেন। দুর্ভাগ্য, ক্যানসারের বিরুদ্ধে লড়াইটা দীর্ঘস্থায়ী হলো না তাঁর। জন্মদিনের পরদিন, মাত্র ৫১ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানতে হলো ‘কাভি খুশি কাভি গম’, ‘চলতে চলতে’র মতো জনপ্রিয় ছবির সুর আয়োজনে কাজ করা এই সংগীত পরিচালককে।
দুই যুগ লম্বা ক্যারিয়ারে লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ, সুনিধি চৌহান, অলকা ইয়াগনিক, কুমার শানুদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন এই গুণী কম্পোজার। প্রায় ১০০-এর মতো গানে সুর আয়োজন করেছেন তিনি। ‘কাভি খুশি কাভি গম’, ‘চলতে চলতে’ ছাড়াও ‘বাবুল’, ‘বাগবান’, ‘রাজনীতি’ ছবির গানের সুর নিয়ে কাজ করেছেন। প্রায় দেড় মাসের সংগ্রাম শেষে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৬৫ সালের ৪ সেপ্টেম্বর জবলপুরে জন্ম নেন আদেশ। ওপি নায়ার, শংকর জয়কিষাণ, লক্ষ্মীকান্ত-প্যায়ারেলালের মতো মিউজিক মায়েস্ত্রোদের হাত ধরে তাঁর বলিউডে আসা। নিজস্ব ক্যারিয়ার শুরুর আগে প্রায় এক যুগ লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল জুটির সঙ্গে কাজ কাজ করেছেন সহকারী হিসেবে। বলিউডে ক্যারিয়ারের পাশাপাশি সারেগামাপা, ফেম গুরুকুল-এর মতো বেশ কয়েকটি মিউজিক্যাল রিয়েলিটি শোতেও বিচারকের ভূমিকায় কাজ করেছেন। একমাত্র ভারতীয় সুরকার ও সংগীত আয়োজক হিসেবে কাজ করেছেন টি-পেইন, সৌলজা বয়, ভিক্লেফ জিন, নোরা জোন্স, কুই লতিফা, শাকিরার মতো তারকাদের সঙ্গে। জনপ্রিয় আমেরিকান সংগীতশিল্পী অ্যাকনের সঙ্গে ‘ওয়ান ফর দ্য ওয়ার্ল্ড’ গানটির রেকর্ডিংয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। সবশেষ কাজ করেছিলেন কিছুদিন পর মুক্তি পেতে চলা ‘ওয়েলকাম ব্যাক’ ছবিটির জন্য।
বলিউডের মিউজিক কম্পোজার জুটি যতীন-ললিতের বোন বিজেতা পণ্ডিতকে বিয়ে করেছিলেন আদেশ। বিজেতা একসময় বলিউড অভিনেত্রী ছিলেন। স্ত্রী আর দুই ছেলে অনিবেশ এবং অভিতেশকে রেখে অনেকটা নীরবেই চলে গেলেন আদেশ শ্রীবাস্তব।

সামি আল মেহেদী