নার্ভাস করন!
ছবির নামেই গোলযোগ, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’! ছবি বানানোর কাজ এখনো শুরু হয়নি, কিন্তু করনের ওপর ভর করেছে ছবির নাম। এনডিটিভির খবরে জানা গেল, বলিউডের ডাকসাইটে এই পরিচালক ছবি বানানোর আগেই বেশ ‘নার্ভাস’ হয়ে পড়েছেন।
করন জানিয়েছেন, শিগগিরই ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি লন্ডনে। মাঝে অনেক দিনের বিরতি পড়েছে তাঁর ডিরেক্টোরিয়াল চেয়ারে বসার। সেই ২০১২ সালে মুক্তি পেয়েছেল তাঁর পরিচালিত ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। সুপারহিট সেই ছবি দিয়েই বলিউডে অভিষেক হয়েছিল এ সময়ে বলিউডে সেরা তিন তারকা আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার। তার পরে এই লম্বা সময় অনেক কিছু করেছেন করন, এমনকি খলনায়কের ভূমিকায় অভিনয়ও করেছেন অনুরাগ কশ্যপের বহুল আলোচিত থ্রিলার ‘বম্বে ভেলভেট’-এ। ছবি বানানো আর হয়নি। এতটা লম্বা সময় পর আবারো পুরোনো ভূমিকা, নার্ভাস তো একটু হতেই পারেন!
করন তা স্বীকারও করেছেন টুইটারে, “লন্ডনের পথে...চিন্তিত...নার্ভাস, উত্তেজিত আমি...১০ দিনের মধ্যে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর কাজ শুরু হচ্ছে...।”
করনকে শুভকামনা জানিয়েছেন শাহরুখ, ‘বন্ধু আমার, তুমি দারুণ একটা ছবি বানাবে। তোমার শিল্পী আর কলাকুশলীদের নিয়ে দারুণ একটা সময় পার করবে, আশা করি। তুমি চাইলে আমি কস্টিউমের ব্যাপারে সাহায্য করতে পারি।’
সম্পর্কের ভাঙাগড়া আর ভালোবাসার গল্প নিয়েই এগোবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ আখ্যান। রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুশকা শর্মা থাকছেন এই ছবির মূল চরিত্রে। গুজব উঠেছে, একটি বিশেষ চরিত্রে দেখা মিলতে পারে সানি লিওনেরও! ২০১৬ সালের দিওয়ালি উৎসবের সময় প্রাথমিকভাবে ছবিটি মুক্তির সময় ঠিক করা হয়েছে।

সামি আল মেহেদী