আসছে ‘ক্যালেন্ডারের মেয়েরা’
গ্ল্যামার জগতের ঝলকানি, বিলাস-ব্যসন, আনন্দ আর সাফল্য সবারই চোখে পড়ে। কিন্তু এই জগতের অজস্র মানুষের অন্ধকার আর হতাশায় ঢেকে যাওয়া জীবনের হদিস মেলে না কারোই। পরিচালক মধুর ভান্ডারকর তাঁর আলোচিত এবং প্রশংসিত ছবি ‘ফ্যাশন’-এ দেখিয়েছিলেন এই দুনিয়ার ভেতরের চেহারা। একই ধারাবাহিকতায় তিনি নিয়ে আসছেন পরের ছবি ‘ক্যালেন্ডার গার্লস’। টাইমস অব ইন্ডিয়ার খবরে এই ছবির অফিশিয়াল ট্রেলার ছাড়াও জানা যায় ছবির ক্যালেন্ডার-কন্যাদের পরিচয়।
ময়ুরি চৌহান, নাজনিন মালিক, শ্যারন পিন্টো, নন্দিতা মেনন ও পরমা ঘোষ- এই পাঁচ সুপার মডেলের গল্প ফুটে উঠবে এই ছবিতে। এই চরিত্রগুলোতে দেখা যাবে আনকোরা নতুন কিছু মুখ। এরা হলেন কাইরা দত্ত, আকাঙ্ক্ষা পুরি, অবনি মোদি, শতরুপা পাইন ও রুহি সিং। মডেলিং জীবনে তাঁদের উত্থানের সাথে সাথে নিজেদের জীবনে ঢেকে যাওয়া অন্ধকারের আখ্যান থাকবে এই ছবিতে।
ক্যালেন্ডার-কন্যাদের নিয়ে যখন কাহিনী, তখন এই ছবিতে যে গ্ল্যামার আর আবেদনের ছড়াছড়ি থাকতে যাচ্ছে; তা নিয়ে কোনো সংশয় নেই। ছবির মুক্তি পাওয়া অফিশিয়াল ট্রেইলার দেখে যে কেউ তা বেশ ভালোই আন্দাজ করতে পারবেন। তবে, সেই সাথে গ্ল্যামার জগতের হতাশা আর কষ্টও জুড়ে রয়েছে তাতে। সেইসাথে ক্রিকেট এবং ম্যাচ গড়াপেটার সামান্য অংশও সম্পৃক্ত হয়েছে এই ছবিতে। এ বছরের সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সামি আল মেহেদী