৩ দিনে ৫০ কোটি আয় করেছে ‘ব্রাদার্স’
অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রার ‘ব্রাদার্স’ নিয়ে বড়সড় আশাবাদ ছিল বলিউড বক্স অফিসে। তবে সেই আশা এত দারুণভাবে পূরণ হবে, এটা হয়তো ছবির প্রযোজকও অনুমান করেননি! এনডিটিভির খবরে জানা গেল, এই অ্যাকশন ঘরানার ছবিটি মুক্তির তিন দিনের মধ্যেই ৫০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। এ বছরের সেরা ওপেনিং উইকেন্ড কাটানো ছবিগুলোর একটি হয়ে গেছে ‘ব্রাদার্স’। এখন হিসাব শুরু হয়েছে, ‘বজরঙ্গি ভাইজান’ বা ‘বাহুবলি’র সাফল্যের সঙ্গে এই ‘ভাইয়েরা’ পাল্লা দিতে পারবে কি না, এ নিয়ে।
বরাবরের মতো বলিউড বক্স অফিসের বিশ্লেষক তরন আদর্শের টুইটে চূড়ান্ত তথ্য পাওয়া গেছে ছবিটি নিয়ে। তাঁর টুইটে জানা যায়, প্রথম দিনে ১৫ কোটি ২০ লাখ, শনিবার ২১ কোটি ৪৩ লাখ ও রোববার ১৫ কোটি ৪৫ লাখ—সব মিলিয়ে ভারতে প্রথম তিন দিনে ৫২ কোটি আট লাখ রুপি আয় করেছে ছবিটি।
‘ব্রাদার্স’-এর সাফল্যে টুইট করেছেন হৃতিক রোশন, সোনাক্ষী সিনহা, আরশাদ ওয়ার্সির মতো তারকারা। ছবিতেও মুগ্ধ তাঁরা।
২০১১ সালের সুপারহিট হলিউডি ছবি ‘ওয়ারিয়র’-এর অফিশিয়াল রিমেক এই ছবি। ছবিতে অক্ষয়-সিদ্ধার্থ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকি শ্রফ ও জ্যাকলিন ফার্নান্দেজ। দুই বক্সার ভাইয়ের বন্ধুত্ব নয়, বরং প্রতিহিংসা আর লড়াইয়ের গল্পই ফুটে উঠেছে এই ছবিতে। ছবিতে একটি আইটেম গানে অবতীর্ণ হয়েছেন কারিনা কাপুর খান। গানটির কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য।
করন জোহরের ধর্ম প্রোডাকশনসের ব্যানারে নির্মাণ করা হয়েছে ‘ব্রাদার্স’। ছবিটি পরিচালনা করেছেন করন মালহোত্রা।

সামি আল মেহেদী