হাসপাতালে প্রখ্যাত সুরকার ইলাইয়ারাজা
ভারতের জীবন্ত কিংবদন্তি সুরকার ইলাইয়ারাজা। ছবি-এনডিটিভি
প্রখ্যাত ভারতীয় সুরকার ইলাইয়ারাজাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভির খবরে জানা গেল, গত ১৫ আগস্ট তিনি তলপেটে ব্যথা অনুভব করায় তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্র সংবাদ সংস্থা আইএএনএসকে জানায়, ইলাইয়ারাজাকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে এই সমস্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ জন্য বেশ কিছু পরীক্ষাও করা হয়েছে। তবে সমস্যা গুরুতর নয়। শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
ইলাইয়ারাজার বয়স এখন ৭২। প্রায় তিন যুগ ধরে ভারতের বিভিন্ন ভাষায় প্রায় পাঁচ হাজারেরও বেশি গানের সুর করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আজীবন সম্মাননাও পেয়েছেন। মূলত দক্ষিণ ভারতীয় ছবিতেই তিনি কাজ করেছেন জীবনের বেশির ভাগ সময়।

ফিচার ডেস্ক