ফোর্বসের তালিকায় ভারতের শীর্ষ ধনী অভিনেতা অমিতাভ-সালমান
বিশ্বখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এর দেওয়া বিশ্বের সেরা ১০ ধনী অভিনেতার তালিকায় স্থান পেয়েছেন তিন বলিউডি অভিনেতা। তালিকার সপ্তম অবস্থানে যৌথভাবে রয়েছেন অমিতাভ বচ্চন ও সালমান খান। আর নবম অবস্থানে রয়েছেন খিলাড়ি অক্ষয় কুমার।
ফোর্বসের তালিকায় ঠাঁই পেয়েছেন বিশ্বের মোট ৩৪ জন ধনী অভিনেতা। এই প্রথম ফোর্বস হলিউড-বলিউড-চীন এবং হংকংয়ের অভিনেতাদের আয়ের প্রতিবেদন নতুন তালিকায় যোগ করেছে। আর এতে প্রথমবারের মতো উঠে এসেছে ১২ অভিনেতার নাম, যাঁদের মধ্যে পাঁচজন ভারতীয়।
অমিতাভ ও সালমান উভয়েরই বার্ষিক আয় ৩৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। আর অক্ষয় কুমারের বার্ষিক আয় ৩২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। বলিউড বাদশা শাহরুখ খান রয়েছেন ১৮ নম্বরে। তাঁর রোজগার ২৬ মিলিয়ন ডলার। রণবীর কাপুর রয়েছেন ৩০ নম্বরে, তাঁর বার্ষিক আয় ১৫ মিলিয়ন ডলার।
বিশ্বের শীর্ষ ধনী অভিনেতার তালিকায় সপ্তম অবস্থানে থাকলেও ভারতীয় অভিনেতাদের মধ্যে শীর্ষ ধনী যৌথভাবে অমিতাভ বচ্চন ও সালমান খান।
অমিতাভ বচ্চনকে বিশ্বের একমাত্র ‘ফিল্মস্টার’ বলে আখ্যা দেওয়া হয়। বিশ্বজুড়ে অসম্ভব জনপ্রিয় তিনি। বছরে ১৮টির বেশি এনডোর্সমেন্ট (চুক্তি) করে থাকেন তিনি। এসব এনডোর্সমেন্টের কাজে তাঁর পারিশ্রমিকের অঙ্ক ঘোরাফেরা করে ১ থেকে ১০ কোটি রুপির মধ্যে। শুধু বিজ্ঞাপন করেই তাঁর বছরে আয় হয় ১০০ কোটি রুপির কাছাকাছি। এর পর থাকে চলচ্চিত্রের কাজ।
অন্যদিকে, সালমান খানের বিজ্ঞাপন বাজার অত ভালো না হলেও মেরেকেটে বছরে চারটি বিজ্ঞাপন তাঁর পকেটে আসেই। মূলত তাঁর আয়ের প্রধান উৎস হলো ব্লকবাস্টার চলচ্চিত্রগুলো।
প্রথমত, সালমানের ছবি পৃথিবীজুড়ে মুক্তি পায়। ভারতে যেমন তাঁর প্রচুর ভক্ত, তেমনি বাংলাদেশ, পাকিস্তানসহ আরব দেশগুলোতেও সালমানের তুমুল জনপ্রিয়তা। তার ওপর সালমানের সাম্প্রতিক সময়ের ছবিগুলো তিনি অথবা তাঁর ভাইরাই বকলমে প্রযোজনা করেন। ফলে ছবির লাভের বেশির ভাগই ঘরে আসে। তা ছাড়া সালমানের জনপ্রিয় শো ‘বিগ বস’-এর রোজগার তো রয়েছেই। শোনা যায়, ‘বিগ বস’-এর পর্বপ্রতি দুই কোটি রুপি করে পারিশ্রমিক নিতেন সল্লু।
অক্ষয় কুমার মাঝারি মাপের বিজ্ঞাপন যেমন করেন, তেমনি তাঁর ছবির বাজারও বেশ ভালো। অ্যাকশন-কমেডি ঘরানার বেশ কিছু ছবি আছে, যেখানে ‘খিলাড়ি’ কুমারই সেরা। ভারতের পাশাপাশি বিদেশের মাটিতেও অক্ষয় কুমারের বেশ জনপ্রিয়তা রয়েছে।
তবে এবারে বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন কিং খান শাহরুখ খান। বিজ্ঞাপন যেমন কম করেছেন, তেমনি ছবিও করেছেন কম। ফলে গত বছরটা খুব ভালো কাটেনি শাহরুখের। তবে সামনের বছরে ‘মান্নাত’-এর মালিক ফের উঠে আসেন কি না, সেটার অপেক্ষাতেই আপাতত চেয়ে থাকা।

মনোজ বসু