সানি হবেন সুপারহিরো!
তাঁর অভিনয়ের চেয়ে গ্ল্যামার কিংবা আবেদন নিয়েই আগ্রহ ভক্ত-দর্শকদের। সানি লিওনের নতুন কোনো ছবি মানেই দর্শকের আগ্রহ, এবার ‘কী’ করতে যাচ্ছেন সানি! বলিউডের ‘বেবি ডল’ কিন্তু নিজেকে এমন মার্কামারা চরিত্রে আটকে রাখতে চান না মোটেই। এনডিটিভির খবরে জানা গেল, রীতিমতো সুপারহিরো চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখেন এই তারকা।
চমকে গেলেন নাকি? চমকানোরই কথা। এই কথা সানি অবশ্য নিজে থেকে আগ বাড়িয়ে বলেননি। সবকিছুই হয়েছে সামাজিক মাধ্যম টুইটারের কথা চালাচালিতে। টুইটারে সানি লিওনের একটি আন-অফিশিয়াল ফ্যানক্লাব অ্যাকাউন্ট থেকে সানিকে প্রশ্ন করা হয়েছিল, ‘সানি, আপনার স্বপ্নের চরিত্র কী? আপনি কি সুপারওম্যান চরিত্রে অভিনয় করতে চান’? রিটুইট করে এই প্রশ্নের জবাব দিয়েছেন সানি, ‘হ্যাঁ, আমি সুপারহিরো চরিত্রে অভিনয় করতে চাই!’
বলিউডে সানি লিওনের ক্যারিয়ার শুরু হয় পূজা ভাটের ইরোটিক থ্রিলার ‘জিসম ২’ দিয়ে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘এক পেহেলি লীলা’ এবং ‘কুচ কুচ লোচা হ্যায়’। মিলাপ জাভেরির ছবি ‘মাস্তিজাদে’ দিয়ে কিছুদিন পর আবারও বড়পর্দায় ফিরবেন তিনি। এ ছাড়া ব্যস্ত রয়েছেন বিভিন্ন টেলিভিশন শো’তে, যার মধ্যে রয়েছে এমটিভির রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’।
তবে আপাতত ইচ্ছা থাকলেও সুপারহিরোর চরিত্র সানি পাবেন কি না, তা ভাবনার বিষয় বটে!

ফিচার ডেস্ক