সুশান্তের মৃত্যু : ন্যায়বিচার চাইলেন ভাবনা
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে পুরো ভারত উত্তাল। বিশেষ করে প্রিয় তারকাকে হারিয়ে অন্তর্জালে নানা আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে। জনসাধারণ থেকে তারকারা এ নিয়ে কথা বলছেন। এবার ‘জাস্টিস ফর সুশান্ত’ মুভমেন্টে শামিল হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো ছবি শেয়ার দিয়েছেন ভাবনা। সেখানে সুশান্তের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার চেয়েছেন তিনি। সুশান্তের জন্য বাংলাদেশ থেকে নিজের ভালোবাসা, শক্তি ও প্রার্থনার বার্তাও দিয়েছেন ভাবনা।
আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে ভাবনা বলেন, ‘যাঁরা সুশান্ত সিং রাজপুতের বিষয়টি তদন্ত করছেন, আমি চাই তাঁরা বিষয়টি স্বচ্ছতার মধ্য দিয়ে করুন। সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনার সঠিক বিচার চাই। যাঁরা বিচার চাইছেন, আমিও তাঁদের একজন। সবাই মিলে বিচার চাইলে বিষয়টি জোরালো হবে।’
সুশান্ত সিং রাজপুত (৩৪) গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে আত্মহত্যা করেন। ঋষি কাপুর ও ইরফান খানের মৃত্যুর পর প্রতিভাবান এ তরুণ অভিনেতার মৃত্যুতে শোকে বিহ্বল বিনোদন অঙ্গন। সুশান্তের মৃতদেহ তাঁর অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পত্রপত্রিকার খবর, সুশান্ত বিষণ্ণতায় ভুগছিলেন। মুম্বাই পুলিশ সব দৃষ্টিকোণ থেকে এ মামলার তদন্ত করছে।
অভিনয়ের পাশাপাশি ভালো কবিতা লিখতেন সুশান্ত সিং রাজপুত। বিজ্ঞান, ছায়াপথ ও সৃষ্টিতত্ত্বের প্রতি তাঁর ছিল ব্যাপক আগ্রহ। বলিউড ক্যারিয়ারে তিনি মোট ১১টি সিনেমায় অভিনয় করেছেন। আর এরই মধ্যে অসংখ্য মানুষের হৃদয় জয় করেছেন।
‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ টিভি ধারাবাহিক দিয়ে অভিনয়ে অভিষেক হয় সুশান্ত সিং রাজপুতের। ‘পবিত্র রিশতা’র চরিত্র ‘মানব’ ও অভিনয়গুণ দিয়ে ভারতের মানুষের ড্রয়িংরুমে পৌঁছে যান। রাজত্ব করা কারো হাত না ধরেই নিজ গুণে প্রবেশ করেন বলিউডে। ‘কাই পো চে’, ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’, ‘ছিচোড়ে’, ‘পিকে’, ‘রাবতা’সহ বেশ কয়েকটি সিনেমায় নিজের দক্ষতা প্রকাশ করেন। সুশান্তের মৃত্যুর পর বলিউডে স্বজনপ্রীতি প্রসঙ্গ ফের আলোচনায় আসে।

বিনোদন প্রতিবেদক