রেলস্টেশনে অপূর্ব-মেহজাবীনকে দেখতে উপচেপড়া ভিড়
নাটক, মিউজিক ভিডিও কিংবা ওয়েব সিরিজ, যেকোনো কিছুর শুটিং রাজধানীর উত্তরা বা শুটিং হাউসকেন্দ্রিক হয়ে গেছে বেশ কয়েক বছর হলো। খুব প্রয়োজন না হলে এখন সিনেমার শুটিংও ঢাকার বাইরে হয় না। না হওয়ার কারণও আছে বেশ। তার মধ্যে অন্যতম, তারকাদের দেখতে এলাকাবাসীর উপচেপড়া ভিড়।
সম্প্রতি আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে বেশ কিছু ভিডিও আপলোড করেছেন, যেখানে দেখা যাচ্ছে, শুটিংয়ের সময় তাঁদের ঘিরে আছে কয়েকশ মানুষ—যে দৃশ্য বাংলাদেশের নাটকের ক্ষেত্রে খুব কমই মেলে।
এ ভিডিওর রহস্য জানতে সোমবার দুপুরে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানকে যখন মুঠোফোনে কল করা হলো, তখন তিনি জানাতে চাইলেন না আজ কোথায় শুটিং করছেন সে তথ্য। কী কারণে এই রহস্য? এনটিভি অনলাইনের এমন প্রশ্নে আরিয়ানের বক্তব্য, ‘পরশু ও গতকাল অপূর্ব-মেহজাবীনসহ কিশোরগঞ্জের রেলওয়ে স্টেশনে নাটকের কয়েকটি দৃশ্য ধারণ করেছি। শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও মানুষের ভিড় সামলানো কঠিন হয়েছে। সে কারণে শুটিংয়ের স্থান নিয়ে রহস্য রাখা।’
এত মানুষের ভিড়ে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন? এমন প্রশ্নে আরিয়ান বলেন, ‘অভিজ্ঞতা দুই প্রকার। এত মানুষের ভিড়ে শুটিং করা কঠিন। আর অন্যটা হচ্ছে, তাদের এই ভালোবাসা তো আমি ফেরাতে পারি না। আসলে ঢাকার বাইরে শুটিং খুব কম হয়, সে জন্য এমনটা হয়। কিশোরগঞ্জে এমন শুটিং প্রথম, তাই তাদের অনেক আগ্রহ। অনেকে তো শুটিং দেখতে রাতে রেলস্টেশনে শুয়েও ছিল।’
রাজধানীর উত্তরা আর ঢাকার রেলস্টেশন থাকতে কিশোরগঞ্জে যেতে হলো কেন? এমন প্রশ্নে আরিয়ান বলেন, ‘গল্পের প্রয়োজনে এখানে শুটিং করতে হয়েছে। নাটকে রেলস্টেশনে একটি প্রেমের গল্প দেখা যাবে। এখনো বেশ কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। নাটকটি আগামী বছরের শুরুর দিকে চ্যানেল আইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।’
জানা গেছে, ‘ভাগ্যক্রমে’ শিরোনামে এ নাটকে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। রেলস্টেশনে প্রেমের গল্পে অপূর্ব ও মেহজাবীনকে ছাড়াও দেখা যাবে ছোট পর্দার অনেক পরিচিত মুখকে।

বিনোদন প্রতিবেদক